Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না: ফখরুল

Icon

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১১:৩৪ পিএম

আওয়ামী শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী ভয়াবহ দুঃশাসনে সমগ্র দেশটাই এখন জুলুমের নগরীতে পরিণত হয়েছে। তাই দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ দুঃশাসনে ক্রোধান্বিত হয়ে উঠেছে জনগণ। আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন থামবে না।’ 

আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ ১৪ নেতাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন তিনি। 

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে একদিকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি রাখা হয়েছে, অন্যদিকে দেশের মানুষকে ভীত ও সন্ত্রস্ত রাখতে বিএনপি এবং অঙ্গ সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নানাবিধ নির্যাতন চালিয়ে যাচ্ছে অবৈধ সরকার। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উল্লিখিত নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের অব্যাহত গতিতে গ্রেপ্তার ও কাল্পনিক কাহিনি তৈরি করে মামলা দায়ের এখন দখলদার আওয়ামী সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে। ৭ জানুয়ারির ডামি ও একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতা লোভ আওয়ামী সরকারকে আরও বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে।’ 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন