আওয়ামী লীগের সধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মুখে মুখে তারা পাকিস্তানের বিরোধিতা করে। গত কয়েকদিন আগে তাদের উন্নয়ন নিয়ে পাকিস্তান কথা বলায় তাদের সাহেব বলছেন পাকিস্তান তাদের উন্নয়ন দেখলেও বিএনপি দেখে না। এখন তারা (আওয়ামী লীগ) পাকিস্তানের প্রশংসায় গদগদ। এক দেশ আরেক দেশের প্রশংসা করে এটা তো রীতি। আসলে ওবায়দুল সাহেবরা দ্বিচারিতা নীতি অবলম্বন করছেন।
আজ শনিবার দুপুরে মিরপুরে তীব্র তাবদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণের সাত দিনব্যাপী কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেছেন, ডামি সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা। অপরিকল্পিত নগরায়নের জন্য গাছপালা বন-জঙ্গল উজার করে, নদী-নালা ভরাট করে এবং তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সঙ্কটে ফেলে দিয়েছে। বাংলাদেশকে এখন গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় সদস্য তাবিথ আউয়াল, মহানগর উত্তর বিএনপির আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, আতাউর রহমান (চেয়ারম্যান), মোস্তাফিজুর রহমান সেগুন, আব্দুর রাজ্জাক প্রমুখ।
