Logo
Logo
×

রাজনীতি

বিএনপিই বিদেশি প্রভুদের দাসত্ব করে ক্ষমতায় যাওয়ার জন্য: কাদের

Icon

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১২ পিএম

বিএনপিই বিদেশি প্রভুদের দাসত্ব করে ক্ষমতায় যাওয়ার জন্য: কাদের

‘ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ বিদেশি প্রভুদের দাসত্ব করছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এ তকমাটি বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতায় যাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে মূল হিসেবে মনে করে না। তারা মনে করে যে, বিদেশি প্রভুরদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনো তাদের দুরভিসন্ধি হচ্ছে দাসত্ব করে কীভাবে ক্ষমতায় যাওয়া যায়।’

আজ শনিবার সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। বিএনপিকে গণতান্ত্রিক দল বলে মনে করি না। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানে নি। তারা বড় বড় কথা বলে, তারা কবে দলীয় কাউন্সিল করেছে? তারা কোথায় দলীয় কাউন্সিল করেছে? ৭-৮ বছর আগে লা মেরিডিয়ানে কেন্দ্রীয় কমিটির মিটিং হয়েছে।  

তিনি বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন। এই দেশে সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক। সাধারণ মানুষকে এই দেশে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন সর্বকালের সবার সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন