ফরিদপুরের মধুখালীতে দুই সহোদর নির্মাণ শ্রমিকের হত্যার সঙ্গে জড়িতদের আগামী বুধবারের মধ্যে গ্রেপ্তার করতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।
সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেন, তাদের গ্রেপ্তার করা না হলে আগামী শুক্রবার সারাদেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করা হবে। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এরপরেও যদি সরকার ব্যর্থ হয় তাহলে পরবর্তী এমন কর্মসূচি দেয়া হবে, এই ইস্যুতে বাংলাদেশের জনগণ রাস্তার নামবে। দোষীদের গ্রেপ্তারের জন্য সরকারকে বাধ্য করবে। আর এই অবৈধ সরকারকেও বিদায় করতে বাধ্য করবে, ইনশাআল্লাহ।
এর আগে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংক ঘুরে আবারও বায়তুল মোকাররম উত্তর গেইটের সামনে এসে শেষ হয়। ‘ফরিদপুরের মধুখালীতে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃক নিরীহ দুই সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত শাস্তির দাবিতে’ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগ উত্তর ও দক্ষিণ।
তিনি বর্তমান সরকারকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক নিয়োজিত সরকার বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ফরিদপুরে দুই ভাইকে বেঁধে রেখে সারা রাত নির্যাতন করে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? তারা না কী মন্দিরে আগুন দিয়েছে। অথচ প্রমাণিত তারা মন্দিরে আগুন দেন নাই। তারা কাজ করছিলো। কিন্তু এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও সরকার হত্যাকারীদের গ্রেপ্তার করেনি!
মন্দিরে আগুন দেয়ার প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, আপনারা তদন্তভিত্তিক এ ঘটনার বিচার করেন। আমি এটাও দাবি করছি। আর যারা দুজন শ্রমিককে হত্যা করেছে, বাংলার জমিনে তাদের বিচার করতে হবে। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার বিনিময়ে বাংলাদেশের মুসলমানদেরকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছেন। এদেশের মুসলমানরা স্বাধীন নয়। তাদের গলার মধ্যে গোলামীর জিঞ্জির লাগিয়ে দেয়া হয়েছে।
