আওয়ামী লীগকে গণদুশমন সরকার উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা পাকিস্তান আমলেও গ্রীষ্মকালীন ছুটি কাটাতাম। রমজান মাস একটি ইবাদতের মাস। তার সত্বেও এই সরকার ১৫ দিন স্কুল খোলা রেখেছিল। যেখানে স্কুল সপ্তাহে দুই দিন বন্ধ, তার মধ্যে শনিবারে খোলা রেখে বাচ্চাদেরকে আগুনের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। একটা গণদুশমন সরকার না হলে এটা করত না। একটা গণবিরোধী সরকার না হলে এই নীতি গ্রহণ করত না।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর ফকিরাপুল বাজারে বিএনপি আয়োজিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে খাবার পানি ও স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে এখন উত্তপ্ত আগুনের মতো পরিবেশ। এই উত্তপ্ত গরমে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। এজন্য একমাত্র দায়ী এই গণবিরোধী সরকার। এরা নদী রক্ষা করতে পারেনি। ভূমিদস্যুরা নদী দখল করে রেখেছে। অন্যায়ভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু সরকার কিছুই করছে না।
তিনি আরও বলেন, কুয়াকাটায় তাপ বিদ্যুৎকেন্দ্র, বাগেরহাটের রামপালে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎকেন্দ্র করেছে। যার কারণে সমুদ্রপারে নারিকেল গাছে আর নারকেল ধারে না, ফসল হয় না। আমাদের নিঃশ্বাস, আমাদের অক্সিজেন হচ্ছে সুন্দরবন। সেই সুন্দরবনকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। উজাড় করে দেওয়া হচ্ছে।
