বিএনপি দিনের আলোতে, রাতের অন্ধকার দেখে বলেই বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না। আজ শুক্রবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি সম্পর্কে এ মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। দেশের উন্নয়ন নিয়ে এতটা হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত।’
এদিকে ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘গাজায় ইসরায়েল যা করছে, সেটা মানবাধিকারের কোন পর্যায়ে পৌঁছে গেছে?’ইসরায়েলকে সহায়তা তহবিল দেওয়ার মাধ্যমে গাজায় চলমান যুদ্ধে উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে মানবাধিকার লঙ্ঘন করছে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্রকে অবস্থান পরিষ্কার করতে বলেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে এখন তাঁদের লজ্জা হয়। সে সময় ‘পূর্ব পাকিস্তানকে’ দেশের বোঝা মনে করা হতো। কিন্তু তারা শিল্পায়নের প্রবৃদ্ধিতে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে।’
