শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী কাল
আউটলুক ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৮:২৭ পিএম
শেরে বাংলা এ কে ফজলুল হক
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী কাল শনিবার। ১৯৬২ সালের ২৭ এপ্রিল এই বর্ষীয়ান রাজনীতিবিদ ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
জাতীয় এই নেতার ৬২তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীকাল শনিবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। আর তাঁর পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এদিকে শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগ সমিতি আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে। মতিঝিল কিচেন ইয়ার্ড পার্টি সেন্টারের ভিআইপি রুমে আগামীকাল শনিবার বিকেল ৪টায় এই আলোচনা অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।
শেরে বাংলা এ কে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তার অবদান ছিল। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন।
শেরে বাংলা এ কে ফজলুল হক ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবেও ইতিহাসের পাতায় তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ স্থান।
