Logo
Logo
×

রাজনীতি

সরকার আবারও 'ডামি' উপজেলা নির্বাচন করতে যাচ্ছে: রিজভী

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ পিএম

সরকার আবারও 'ডামি' উপজেলা নির্বাচন করতে যাচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‌স্থানীয় জনগণ মন্ত্রী-এমপিদের ভাই, শ্যালক, ভাগিনা, ভায়রাদের কারণে জিম্মি। প্রতিটি সংসদীয় এলাকাগুলোতে ‘এমপি রাজ’ শুরু হয়েছে। এমপির ভাই, খালা-মামাদের দিয়ে ‘এমপি রাজ’ চালাচ্ছে। সরকার এখন আবার 'ডামি' উপজেলা নির্বাচন করতে যাচ্ছে। আজকে সে নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও সুযোগ পাচ্ছে না। 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ দিন ধারাবাহিক কর্মসূচির প্রথম দিন আজ বৃহস্পতিবার দুপুরে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি, স্যালাইন বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী  এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ওবায়দুল কাদের এখন ‘সন্ত্রাসীদের মন্ত্রী’, ‘গুণ্ডাদের মন্ত্রী’। তাই, বিএনপি কর্মসূচি দিলে পালটা কর্মসূচি দেন। রিজভী বলেন, সাংবাদিকরা ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেছিলেন, কেন বিএনপির প্রোগ্রামের সঙ্গে মিল রেখে প্রোগ্রাম দেন? তিনি (ওবায়দুল কাদের) উত্তরে বললেন, বিএনপিকে মানসিক চাপে রাখতে নাকি কর্মসূচি দেন। আসলে যারা ‘মানসিক বিকারগ্রস্ত’, তারাই এ সব কাজ করেন। এসব তো করে পাড়া-মহল্লার গুণ্ডারা। সন্ত্রাসী যারা, তারা।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। তাই তিনি রেশনিং ব্যবস্থা তুলে নিয়েছিলেন। আজকে দেশের অর্থনীতিকে লুটতরাজ করে ভঙ্গুর করে ফেলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। মুখে স্বয়ংসম্পূর্ণের কথা বলে আবার রেশনিং ব্যবস্থা চালু করেছেন। তাও সাধারণ মানুষের আওতায় নয়, আওয়ামী গোষ্ঠী এই রেশনিং কার্ডও দলীয়করণ করেছে। তিনি বলেন, মানুষ পেট ভরে ভাত খেতে পারছে না। প্রতিদিন দ্রব্যমূল্য বেড়েই চলছে। আজকে সন্তান বিক্রি করে পেট চালাতে হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন