Logo
Logo
×

রাজনীতি

উপজেলা নির্বাচনের সময় আ.লীগের জেলা-উপজেলায় সম্মেলন বন্ধ

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৮:৩২ পিএম

উপজেলা নির্বাচনের সময় আ.লীগের জেলা-উপজেলায় সম্মেলন বন্ধ

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চার ধাপে চলমান উপজেলা নির্বাচনের সময় আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ে সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ ঘোষণা থাকবে। আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা পর্যায়ে নির্বাচন হচ্ছে। সামনে প্রথম পর্যায়ের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনও সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন ও কমিটি গঠনের প্রক্রিয়া বন্ধ থাকবে।

মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। যারা প্রার্থী হতে চান, তাদেরও নির্বাচনি প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। যারা আছেন তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে।’

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই বলছেন, দেশে যদি রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হয়, তাহলে বিএনপির রাজনীতি বন্ধ করতে হবে। কারণ বিএনপি শুধু আগুন সন্ত্রাস-মানুষ খুন করে না, যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের পৃষ্ঠপোষক।বিএনপিকে কানাডার ফেডারেল আদালত পর্যন্ত সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। বিএনপি আসলে কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না। তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল, এটাই তাদের বলছি।

বিএনপিকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে কিছু ভাবছেন কি না জানতে চাইলে কাদের বলেন, '(বিএনপিকে) নিষিদ্ধ করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি।'

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন