উন্মুক্ত বলা হলেও উপজেলা পরিষদ নির্বাচনও আ.লীগের নিজেদের মধ্যেই হচ্ছে
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১২:১৩ এএম
রাজনৈতিক মিত্রদের মধ্যে অবিশ্বাস
অংশ নিচ্ছে না বিরোধী দল জাতীয় পার্টিও
চলমান উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ চরম অস্থিরতায় পড়েছে। দলটি ভেবেছিল, বিরোধী রাজনৈতিক দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও উপজেলা নির্বাচনে অংশ নেবে। তাই এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন না দিয়ে উন্মুক্ত করে দেয় প্রার্থিতা। কিন্তু বিরোধী শিবির নির্বাচনে অংশ নেয়নি। বরং তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কাস পার্টিসহ ছোট ছোট দলগুলোর মধ্যেও কোনো আগ্রহ সৃষ্টি করতে পারেনি। এ কারণে জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকারের এই নির্বাচনটিও একতরফা ভাবে করতে হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
জাতীয় সমাজতন্ত্রীক দল- জাসেদর (ইনু) সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বাংলা আউটলুককে বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের তিক্ত একটা অভিজ্ঞতা রয়েছে। ওই নির্বাচনে নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা নিয়ে নানা বিতর্ক রয়েছে। এরপরও আমরা বৃহৎ স্বার্থে মেনে নিয়েছি। কিন্তু উপজেলা নির্বাচন, স্থানীয় সরকারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপট। এবারের নির্বাচন দলীয়ভাবে করা হচ্ছে না। কিন্তু দলীয়ভাবে আমরা প্রার্থী দিচ্ছি না। প্রতিটি উপজেলায় আওয়ামী লীগেরই একাধিক প্রার্থী আছেন। আমরাও কয়েকটি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছি।
দলীয়ভাবে না হলেও আওয়ামী লীগের সাথে আমাদের এক ধরনের সমঝোতা আছে উল্লেখ করে ইনু বলেন, আমরা আশা করতে চাই; জাতীয় সংসদ নির্বাচনের মতো প্রশাসন পক্ষপাতিত্ব করবে না। সঠিকভাবে এই নির্বাচন পরিচালনা করবে। সরকার, প্রশাসন এবং আওয়ামী লীগ আমাদের বিশ্বাস ভঙ্গ করবে না। আমরা এটা বিশ্বাস রাখতে চাই।
এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য মীর আব্দুস সবুর আসুদ বাংলা আউটলুককে বলেন, আমি এই নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ২৭ এপ্রিল প্রেসিডিয়ামের বৈঠক ডাকা হয়েছে। এই মুহূর্তে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করার মতো পরিস্থিতিতে জাতীয় পার্টি নেই। সংসদের বিরোধী দল বলা হলেও এটা কেউই বিশ্বাস করে না যে জাতীয় পার্টি বিরোধী দল বলেও উল্লেখ করেন তিনি।
আসুদ বলেন, সরকারের কৌশলের কাছেইতো আমরা হেরে গেছি। জাতীয় পার্টি সংসদের বিরোধী দল বলা হলেও এর মধ্যে আবার দুই অংশ হয়ে গেছে। সুতরাং উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার আগে দল বাঁচানো জরুরি আমাদের কাছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, বিএনপি দলীয়ভাবে বললেও তাদের অনেক নেতাই ইতিমধ্যে উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন। এদের অনেকে হয়তো স্বীকার করছেন না। আবার বিএনপির হাই কমান্ডেও উপজেলা নির্বাচনে যাওয়ার বিষয় নিয়ে বিভক্ত মতামত রয়েছে। বিএনপির বড় একটি অংশই নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। আমরাও চাই এই নির্বাচন স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে।
এদিকে, দলীয়ভাবে অংশ না নিলেও আওয়ামী লীগের একাধিক প্রার্থী হওয়ায় নতুন কোনো সাংগঠনিক সংকট হতে পারে কী না- এমন প্রশ্নের জবাবে জাফর উল্লাহ বলেন, সেটা হতে পারে। তবে নির্বাচন ছাড়াও বড় দল হিসেবে আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ প্রতিযোগিতা আগে থেকেই আছে। তবে, এই নির্বাচন নিয়ে সংঘাত হতে পারে। তা নিয়ন্ত্রণ এবং নিরসনে আমাদের বেশ সতর্কতা রয়েছে।
