গণতন্ত্রকামী মানুষকে বেছে বেছে হত্যা করছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৩:১৮ এএম
ফাইল ছবি
আওয়ামী লীগ কেবল গণতন্ত্রকেই হত্যা করেনি, এখন বেছে বেছে গণতন্ত্রকামী মানুষদের হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আকরাম হোসেনকে ‘হত্যার’ প্রতিবাদ জানিয়ে সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল দাবি করেন, পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ করে মো. আকরাম হোসেন। পুলিশ কর্তৃক পৈশাচিক, নির্দয় ও নিষ্ঠুরভাবে তাকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আকরাম হোসেনকে হত্যার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল। এরা শুধু গণতন্ত্রকেই হত্যা করেনি, গণতন্ত্রকামী মানুষকে এখন বেছে বেছে হত্যা করছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণকে অরক্ষিত রেখে এরা বিএনপিসহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, সারা দেশে যখন দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে, তখন জনগণের দৃষ্টিকে অন্যত্র সরানোর জন্যই ডামি সরকার রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। দেশে আওয়ামী শাসন কায়েমের জন্যই আইনের শাসনকে নির্বাসনে পাঠানো হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। পবিত্র সিয়াম সাধনার মাস রমজানেও আওয়ামী শাসকগোষ্ঠী রক্ত ঝরানোর নিষ্ঠুর কাজ থেকে সরে আসছে না। তবে অবৈধ আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত জনগণ রাজপথের আন্দোলনে আছে এবং থাকবে।
