Logo
Logo
×

রাজনীতি

ডাকাত ও খুনির খপ্পরে দেশ, যাদের সর্দার শেখ হাসিনা: তারেক রহমান

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ১২:৪২ এএম

ডাকাত ও খুনির খপ্পরে দেশ, যাদের সর্দার শেখ হাসিনা: তারেক রহমান

তারেক রহমান। ফাইল ছবি। বাংলা আউটলুক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আজকে বাংলাদেশ ডাকাত ও খুনির খপ্পরে পড়েছে। আর এর নাম হচ্ছে আওয়ামী লীগ। আর এই ডাকাত ও খুনি দলের সর্দার হচ্ছেন শেখ হাসিনা।’

আজ সোমবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, ‘আওয়ামী লীগ নামক ডাকাত দল কী করে? এরা জনগণের ভোট ডাকাতি করে। বিগত তিনটি নির্বাচনে তারা জনগণের ভোট ডাকাতি করেছে। এরা যে মানুষের ভোট ডাকাতি করেছে তা নয়, মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছে। পাশাপাশি মানুষের অর্থ সম্পদ লুটপাট করেছে। নিজেরা বড় লোক হয়েছেন, বিদেশে সম্পদ পাচার করেছেন।’

তিনি বলেন, ‘ডাকাত দলের একটি সংগঠন আছে ছাত্রলীগ। ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনের কাজ হলো গ্রাম থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত খুন, ছিনতাই, রাহাজানি, কারো বাড়িঘর দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজিই হলো এদের কাজ। এরা বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে হত্যা করেছে পিটিয়ে।’

তারেক রহমান বলেন, ‘৭ জানুয়ারি মানুষ ভোট দিতে যাননি। কারণ মানুষ পরিবর্তন চায়। মানুষ যা আয় করে তা দিয়ে কম-বেশি যা কিনতে চায় যেনো কিনতে পারে। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়বে তা চায় না। প্রতিদিন যেভাবে মানুষ খুন, গুম রাহাজানির শিকার হচ্ছে তা চায় না। মানুষ চায় একটু শান্তিতে থাকতে। মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলাম তামাশার নির্বাচন, প্রহসনের নির্বাচন বর্জন করার জন্য। তাই তারা বর্জন করেছে।’ 

তিনি বলেন, ‘একাত্তর সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। নব্বইয়ে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে জনগণ লড়াই করে গণতন্ত্র ফিরিয়েছেন। এবারে লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন