অর্থ পাচার ও লুটপাটকারীদের ছবি প্রধানমন্ত্রীর সঙ্গে: তারেক রহমান
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ১২:১৭ এএম
তারেক রহমান। ফাইল ছবি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘টাকা পাচারকারী, লুটপাটকারী হিসেবে যাদের নাম গণমাধ্যমে আসছে এমন বহু লোকের ছবি দেখবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি দেখা যায়। এরা সব এক। এরা মানুষের ভোট ডাকাতি করেছে, মানুষের অধিকার ডাকাতি করেছে, দেশের মানুষের সম্পদ ডাকাতি করেছে।’
আজ বুধবার নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘ডাকাত দলের একটি সন্ত্রাসী সংগঠন রয়েছে ছাত্রলীগ। এরা সারা দেশে চাঁদাবাজি, ছিনতাই, গরু চুরিসহ এমন কিছু নেই যা করছে না। অস্ত্রের জোরে সাধারণ ছাত্র-ছাত্রীদের বাধ্য করছে তাদের কর্মসূচিতে যেতে। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হলে হলে টর্চার সেল গঠন করেছে। সেখানে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে নির্যাতন করছে।’
গরম আসার সঙ্গে সঙ্গে লোডশেডিং শুরু হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘গরম শুরু হওয়ার আগেই লোডশেডিং শুরু হয়েছে। এতদিন ধরে বিদ্যুৎ উৎপাদনের কথা বলে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে। আসলে এই টাকাগুলো বিদেশে পাচার করেছে। তাদেরই একজন বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। তা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সরকারের বিরুদ্ধে কথা বলায় শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন তাই নয়। সাধারণ মানুষও খুন-গুমের শিকার হচ্ছেন। বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। সাগর-রুনী তো বিরোধী দলের নেতাকর্মী নন। তাদেরকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত তার বিচার হয়নি। নওগাঁর এক সাধারণ নারীকে র্যাব ধরে নিয়ে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এভাবে কেউই বাদ যাচ্ছে না।’
তিনি বলেন, ‘অবৈধভাবে আওয়ামী লীগ যে ক্ষমতা দখল করে রেখেছে, জনগণের ওপর চেপে বসেছে তা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তারা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছে। মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ শত শত কোটি টাকার মালিক। তাদেরই এক লোকের পত্রিকায় তা আবার ছেপেছে।’
