ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, বিশ্ব বদলেছে, সমাজ পাল্টেছে; কিন্তু ৫০ বছরেও আওয়ামী লীগের চরিত্র পাল্টায়নি। এরা স্বাধীনতার পর রাষ্ট্রক্ষমতায় যেভাবে মুক্তিকামী জনতার ওপর দমন-পীড়ন চালিয়েছে, আজও তার ধারাবাহিকতা রক্ষা করছে আওয়ামী লীগ।
মঙ্গলবার রাজধানীর বংশালের সিদ্দিক বাজারস্থ যুবদল কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, গণতন্ত্র এবং আওয়ামী লীগ কখনো একসাথে যায় না। ১৯৭২ থেকে ৭৫ সাল যেভাবে গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছিল, একইভাবে বর্তমান অবৈধ সরকারও জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে বাকস্বাধীনতা। এরা লুটপাট করার জন্য ক্ষমতায় আসে। এই আওয়ামী লীগের কারণে সারা বিশ্ব আজ বাংলাদেশকে দূর্নীতিকবল রাষ্ট্র বলে আখ্যায়িত করে।
৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা সন্চালনা করেন সাধারণ সম্পাদক ডালিম আহমেদ। এতে আরো বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফুর রহমান নাদিম, বংশাল থানা বিএনপি’র সাবেক সভাপতি তাজ উদ্দিন আহমেদ তাইজু, সাধারণ সম্পাদক ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী আদিলসহ স্হানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।
