Logo
Logo
×

রাজনীতি

বুয়েট ইস্যুতে দেশব্যাপী মানববন্ধন করবে ছাত্রলীগ

Icon

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ পিএম

বুয়েট ইস্যুতে দেশব্যাপী মানববন্ধন করবে ছাত্রলীগ

৩১ মার্চে ছাত্রলীগের সমাবেশের ছবি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু, বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেয়াসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় দেশব্যাপী এই কর্মসূচি পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

সোমবার (১ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেয়া, বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করা, স্বাধীনতা দিবস উদযাপনে বাধাদানকারী বুয়েট শিক্ষার্থীদের বিচারের আওতায় আনা এবং বুয়েটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মৌলবাদী-জঙ্গীবাদী তৎপরতার মূলোৎপাটন করার দাবিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, মাদ্রাসায় মানববন্ধন আয়োজনের নির্দেশ প্রদান করছে বাংলাদেশ ছাত্রলীগ। 

এতে আরও বলা হয়েছে, আগামী ২ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। একইসাথে বুয়েটকে সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গীবাদী গোষ্ঠির কালোছায়া মুক্ত করে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অবিকল্প সারথী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে আধুনিক, যুগোপযোগী, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করার সহায়ক ছাত্র রাজনীতিতে বুয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক অবস্থান ও কর্মসূচি ঘোষণার লক্ষ্যে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। 

আগামীকাল সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন