Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মদিন বিকৃত করেছে: আলাল

Icon

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ১২:৪০ এএম

আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মদিন বিকৃত করেছে: আলাল

ফাইল ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করতে সিদ্ধহস্ত। তারা খোদ তাদের নেতার জন্মদিন বিকৃত করেছে। তারা আবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে প্রশ্ন তোলে।’

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হাসান হাফিজুর রহমান সম্পাদিত মুক্তিযুদ্ধের দলিলপত্র পার্টগুলো পড়ে দেখেন। সেগুলো বিকৃত করতে পারেনি। বিকৃত করেছে নিজেদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবেশমুখে পাথরে খোদিত রয়েছে বঙ্গবন্ধুর পাকিস্তান আমলের একটি পাসপোর্ট। সেখানে তার জন্মদিন উল্লেখ রয়েছে ১৯২১ সালের ৯ সেপ্টেম্বর। আজকে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে ১৭ মার্চ। এটা তারা কী কারণে করে, কী উদ্দেশ্যে করে। ইতিহাস বিকৃত করতে আওয়ামী লীগ সিদ্ধহস্ত। তাদের মতোন এতো চমৎকার করে কেউ ইতিহাস বিকৃত করতে পারে না। এখন যদি আমরা জিজ্ঞাসা করি আসলে বঙ্গবন্ধুর জন্মদিন কোনটা ৯ সেপ্টেম্বর নাকি ১৭ মার্চ। অথচ এরাই আবার আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন নিয়ে প্রশ্ন তোলে। যারা নিজেদের ইতিহাস বিকৃত করে তারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করবে এটাই স্বাভাবিক।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, আমরা রাজনৈতিক নেতৃত্বকে খাটো করে দেখি না। শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ছিলো রক্তে আগুন ঝড়ানো ভাষণ। এতে কোনো সন্দেহ নেই। তবে ভাষণে কি দেশ স্বাধীন হয়েছে? ভাষণে দেশ স্বাধীন হয়নি, হয় না। দেশ স্বাধীন হয়েছে বুলেট নিয়ে যুদ্ধ করে শত্রুকে বুলেট বিদ্ধ করে।’
আলাল বলেন, ‘স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণতন্ত্র ছিলো না। ৭৪ সালে জরুরি অবস্থা জারি করেছিলেন বঙ্গবন্ধু। রক্ষীবাহিনী কর্তৃক হাজার হাজার মুক্তিযোদ্ধা হত্যার পরে প্রথম ইনডেমনিটি দিয়েছিলেন তিনি। রক্ষীবাহিনীর সকল অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন। সকল সংবাদপত্র বন্ধ করে ৪টি পত্রিকা রেখেছিলেন। এগুলো পুনরুদ্ধার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণতন্ত্র হত্যা করে এক দলীয় বাকশাল করার জন্য মেজর জেনারেল এম এ জি ওসমানী, ব্যারিস্টার মঈনুল হোসেন, আব্দুল্লাহ সরকারসহ আরও একজন বাকশালের প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে পদত্যাগ করেছিলেন।’ 

তিনি বলেন, সৌদি আরব, চীনসহ আরও অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল জিয়াউর রহমানের আমলে। ব্যক্তিজীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছিলেন তিনি। ভুটানের রাজা ঘুরে গেলেন বাংলাদেশে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় তখন তিনি ভুটানের রাজার আমন্ত্রণে ভুটান গিয়েছিলেন। তখন জিয়াউর রহমান তার দুই ছেলেকে নিয়ে যাননি। অথচ আজকে দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন বলেছিলেন ভুটানের রাজা তার দুই ছেলেকে নিয়ে এসেছিলেন। সে সময় জিয়াউর রহমান বলেছিলেন সে তো রাজা আর আমি তো সেবক। দুইজন এক হতে পারেন না। রাষ্ট্রের অর্থের অপচয় তিনি করেননি। এটাই মুক্তিযুদ্ধের চেতনা।’

আলাল বলেন, ‘আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুখে ফেনা তোলেন তাদের আমলে কিভাবে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়। কিভাবে চোরগুলো ঘুরে বেড়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয় না। পদ্মা ব্যাংকের লাল বাতি জ্বালিয়ে মহিউদ্দিন খান আলমগীর ভেগে গেছেন। কেনো তাকে ধরা হয় না। বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চুকে কেনো আজকে ধরা হয় না। বড় বড় চোরগুলো যারা আজকে প্রধানমন্ত্রীর আচলের নীচে পালিয়ে রয়েছেন তাদেরকে ধরা হয় না। না ধরলে তাদের ছেড়ে দিন জনগন বিচার করবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন