Logo
Logo
×

রাজনীতি

৯ বছর আগের মামলায় আমীর খসরুসহ ৪৫৩ জনের বিচার শুরু

Icon

ইউএনবি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০১:৫৮ এএম

৯ বছর আগের মামলায় আমীর খসরুসহ ৪৫৩ জনের বিচার শুরু

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৪৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বুধবার (২৭ মার্চ) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ সামশুল আরেফীনের আদালতে এই অভিযোগ গঠন করা হয়।

এর আগে আসামিপক্ষ মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি কাজীর দেউড়ির নুর আহমদ সড়কের বিএনপির মহানগর কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। ওই সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ ঘটনায় পরে পুলিশ তাদের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে ৩৮৯ জনের বিরুদ্ধে মামলা করে।

পরে ২০১৭ সালের ২৭ জুন পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে আরও ৭৬ জনকে অভিযোগপত্রে অর্ন্তভুক্ত করা হয়। ওই সময় মামলার এজাহার থেকে বাদ দেওয়া হয় ১২ জনকে।

আসামিপক্ষের আইনজীবী মফিজুল হক বলেন, ‘২০১৫ সালে বিস্ফোরক আইনে করা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল বুধবার। আমরা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত সেটি না মঞ্জুর করে আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সভাপতি ড. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ ৪৫৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে।’

আগামী জুনে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন