ফাইল ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ভোট চুরি করে, ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে। তারা লুটপাট আর দুনীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে।
তিনি বলেন, দেশের মানুষ আজ ভালো নেই। গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, নিত্যপণ্যসহ সব জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশের জনগণ এখন খুবই কষ্টে দিনযাপন করছে। শুধু ভালো আছে লুটেরা ক্ষমাতসীন গোষ্ঠী। আর লুটেরা গোষ্ঠীর দালালি করছে প্রতিবেশি দেশ যার সাথে স্বামী-স্ত্রীর সম্পর্ক।
তিনি আরও বলেন, ভারতের সাথে না আপনাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক তাহলে এ রমজানে ভারত পেয়াঁজ রপ্তানি বন্ধ করলো কেন? ওবায়দুল কাদের সাহেবের কাছে জনগণ এ তথ্য জানতে চায়।
রমজানে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে শিক্ষক পরিবারের পক্ষ থেকে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, কেন দেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করছে, এজন্য ওবায়দুল কাদের সাহেবরা আবোল-তাবোল বলছেন। প্রতিদিন তারা একটার পর একটা কাহিনী করছেন, একটার পর একটা হুমকি দিচ্ছেন।
তিনি বলেন, যতই হুমকি-ধমকি দেন না কেন, আমরা অন্যায়ের প্রতিবাদ করব। আমরা আর মামুরার ডামি নির্বাচনের প্রতিবাদ করবই। জনগণকে থামিয়ে রাখা যাবে না।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ আইন সম্পাদক জয়নাল আবেদীন মেজবাহ, শিক্ষক নেতা জাকির হোসেন, সহকারী শিক্ষকদের আহ্বায়ক আকতারুল আলম মাস্টার, মাওলানা দেলোয়ার হোসেন, রোকয়ো বেগম প্রমুখ।
