ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে এ দেশের মানুষ যেন তাদের অধিকার ফিরে পায় সে জন্য। মানুষ যেন তাদের ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে পারে। এ দেশে যেন মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হয়।
শনিবার (২৩ মার্চ) মাধবদীতে নরসিংদী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মাধবদী সাবেক পৌর মেয়র মরহুম সমীর ভাইয়া’র কবর জিয়ারত করে তার বাসায় পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার একদিকে প্রতিহিংসার রাজনীতি করছে; অন্যদিকে দরিদ্র মানুষকে ইফতারির প্রেসক্রিপশন দিচ্ছে।
মঈন খান বলেন, সমীর ভূইয়ার মতো নেতা হচ্ছে বিএনপির শক্তি। যারা সারা দেশের গ্রামে-গঞ্জে ছিটিয়ে আছেন। আজকে তাদের শক্তিতে বিএনপি এমন একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপির এই শক্তি হচ্ছে যারা জীবনে কোনো কিছু চান না। সমীর ভূইয়া নিজের অর্থ সম্পদ বিএনপির জন্য বিলিয়ে দিয়েছেন। হেফাজতের একটি মামলায় তাকে আটক করে কারা অভ্যন্তরে দৈহিক ও মানসিক জুলুমের শিকার হতে হয়েছিল। ফলে তিনি আরও অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে জীবন দিতে হয়েছে।
প্রতিহিংসার রাজনীতি থেকে সরকারকে বেরিয়ে আসার তাগিদ দিয়ে তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি দিয়ে সমস্যার সমাধান হয় না।
খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তার দল রাজনীতি করছে।
এসময় অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত লেফটেন কর্নেল জয়নাল আবেদীন ও জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, বাবুল সরকার ও মাধবদী পৌরসভার সভাপতি আমানুল্লাহ আমান ও ডাক্তার জাকারিয়া, সারোয়ার মৃধা, ওয়াসিম উপস্থিত ছিলেন।
