ইফতার অনুষ্ঠানে বিধি নিষেধ বরদাস্ত করা যায় না: খেলাফত মজলিস
ইফতার অনুষ্ঠানে বিধি নিষেধ বরদাস্ত করা যায় না: খেলাফত মজলিস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৭:৩২ এএম
ইফতার অনুষ্ঠানে বিধি নিষেধ বরদাস্ত করা যায় না: খেলাফত মজলিস
সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইফতার অনুষ্ঠানে বিধি নিষেধ, রোজাদার ছাত্রদের উপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা যায় না বলে মন্তব্য করে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, দেশের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে। শিক্ষা-সংস্কৃতি হুমকির মুখে। এখন সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় বিষয়ের উপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
শুক্রবার রাজধানীর একটি রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল বাছিত আজাদ বলেন, রমজানের ইফতার মাহফিল আয়োজন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফেনী সরকারি কলেজ শিক্ষার্থীদেরকে যেভাবে নির্মম নির্যাতন করা হয়েছে রোজাদারের উপর কোনো মুসলমানের সন্তান তা করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে ছাত্রদের উন্মুক্ত কুরআন শিক্ষা আসর বন্ধ করে দিয়ে কুরআন নাযিলের মাস হিসেবে মাহে রমজানের পবিত্রতা নষ্ট করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে ইফতার মাহফিল নিয়ন্ত্রণ করছে। রমজানের পবিত্রতা বিনষ্টকারী সকল অপতৎপরতা সরকারকে বন্ধ করতে হবে। ইফতার ও কুরআন তিলাওয়াতের অনুষ্ঠান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিপত্র বাতিল করতে হবে।
ইফতার মাহফিলে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও অবরুদ্ধ ফিলিস্তিনসহ মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।
