সরকার ব্যস্ত ক্ষমতা ধরে রাখতে, জনগণের সমস্যা সমাধানের কেউ নেই: কর্নেল অলি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০১:০৫ এএম
ফাইল ছবি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিগত কয়েক বছর যাবৎ দেশে অপরাজনীতি, জালভোট কালচার, জবাবদিহিতা এবং একদলীয় পদ্ধতির শাসন প্রতিষ্ঠার কারণে দেশের ও জনগণের সমস্যা সমাধান বা দেখার কেউ নেই। সরকার ব্যস্ত শুধু ক্ষমতা ধরে রাখতে। ফলে দেশ ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
শুক্রবার (২২ মার্চ) রাজধানীর মগবাজারে লিবারেল ডেমোক্রেটিক পার্টির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
কর্নেল অলি বলেন, পৃথিবীর সর্বমোট ১৪৩টি দেশে জরিপ করা হয়েছে, তাও আবার জাতিসংঘের তত্ত্বাবধানে। তারা সুখী দেশের তালিকা প্রকাশ করেছেন। এতে বাংলাদেশের অবস্থান ১২৯তম। যা গত বছর ছিল ১১৮তম। এতেই বোঝা যায় বর্তমান সরকার পর্যায়ক্রমে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। অন্যদিকে চারদিকে যুদ্ধের দামামা বাজছে, সবকিছুর মূল্য ৫ থেকে ৭ গুণ বেশি, বিভিন্ন খাদ্যদ্রব্যের সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনগুলোতে আরও প্রকট আকার ধারণ করার সম্ভাবনা খুবই বেশি। ঐ সময় বর্তমান সরকারের অবস্থা কি হতে পারে। সুতরাং এখনো সময় হাতে আছে, মনে রাখতে হবে আমরা কেউ চিরদিন বেঁচে থাকার ভিসা নিয়ে পৃথিবীতে আসি নাই। ফিরে যেতে হবে। নতুন প্রজন্মের আগমন ঘটবে, তাদেরকে আমরা কী ধরনের বাংলাদেশ দিয়ে যাচ্ছি। ফ্লাইওভার, হাইওয়ে আর পদ্মা সেতু খেয়ে কি জীবন রক্ষা পাবে। প্রয়োজন চরম আত্মত্যাগ।
তিনি বলেন, একজন রাজনীতিবিদকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠতে হবে। হারাম রোজগার থেকে বিরত থাকতে হবে। ন্যায় পরায়ণ হতে হবে। ন্যায় বিচারক হতে হবে। কারো প্রতি কোনো বৈষম্য করবে না, মানুষকে কষ্ট দেবেন না। সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করবে, দেশ প্রেমিক হতে হবে। দেশপ্রেম ঈমানের অঙ্গ। মিথ্যা কথা বলা বা মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে। সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। বিনয়ী হতে হবে, সমাজে একে অপরের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে। নিজের বিবেকের কাছে সকলকে জবাবদিহি করতে হবে। সমাজে মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হবে। সত্যের পথে থাকতে হবে। কঠোরহস্তে দুষ্টের দমন করতে হবে। আল্লাহ এবং রাসুলের নির্দেশিত পথে নিজকে পরিচালিত করতে হবে। এছাড়া দেশ কখনো সঠিক পথে আসবে না।
কর্নেল অলি বলেন, বর্তমান দেশের বাস্তব অবস্থা কী? শেয়ার মার্কেটের টাকা লুটপাট, ঋণ নিয়ে দেশের বাহিরে টাকা পাচার, সরকারি প্রকল্পের টাকা লুটপাট, যন্ত্রপাতি ক্রয়ের নামে টাকা লুটপাট, ওষুধ কেনার নামে টাকা লুটপাট, সকল প্রকার ক্রয়ের মাধ্যমে টাকা লুট। প্রত্যেকটি কাজের জন্য ঘুষ গ্রহণ, বেসরকারি মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রী ভর্তির সময় অতিরিক্ত টাকা আদায়, আমদানি রপ্তানির মাধ্যমে টাকা পাচার, গার্মেন্টস এর মাধ্যমে টাকা পাচার, ভালো বদলির জন্য বড় অংকের টাকা ঘুষ দিতে হয়। এমপি পদ পাওয়ার জন্য এবং নির্বাচিত হওয়ার জন্য ঘুষ দিতে হয়। চেয়ারম্যান-মেম্বার হওয়ার জন্য দলীয় গুন্ডাদের টাকা দিতে হয়, বিচার পাওয়ার জন্য টাকা দিতে হয়। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। অর্ধশিক্ষিত লোকেরা স্কুল-কলেজের সভাপতি, সমাজে নীতি নৈতিকতা প্রায় ধ্বংস, অনৈতিক কাজ নিত্য দিনের ঘটনা, এতে শিক্ষা প্রতিষ্ঠানও বাদ নাই। প্রয়োজন মনুষ্যত্ব ফিরিয়ে আনা, এতে দেশ এগিয়ে যাবে, দেশের শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে, যুব সমাজের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে। মনে রাখবেন এবং বিশ্বাস করতে হবে আমাদের দেশ গরিব নয়। মনুষ্যত্ব ফিরিয়ে আসলে সবকিছু সঠিক পথে চলবে।
তিনি বলেন, বিশ্লেষণ করতে হবে, কেন একে একে আর্থিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য সরকারের নিয়ন্ত্রণের বাহিরে, কেন জনগণের ক্রয় ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। আমদানি-রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জন দ্রুত হ্রাস পাচ্ছে। নতুন বিনিয়োগ নাই, দেশীয় মুদ্রা ও ডলার সংকট প্রকট। সর্বোপরি সরকারের ওপর জনগণের আস্থা নাই। গভীর উদ্বেগের কারণ, অন্যদিকে চাঁদাবাজি সর্বত্র, যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকার, চাকরির ক্ষেত্র সংকুচিত। সমাজে মাদক এবং ইয়াবার বিস্তার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, মানুষকে বিপথগামী করছে। বর্তমান সরকার দলীয়করণের নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছে। এতে দুর্নীতি সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে।
তিনি আরও বলেন, সুতরাং বুঝতে হবে এক ব্যক্তির ইচ্ছায় বা বন্দুক দিয়ে কখনো দেশ বেশিদিন চলতে পারে না। সমষ্টিগত মানুষের মতামতের ভিত্তিতে দেশকে পরিচালিত করতে হবে, তার জন্য প্রয়োজন জনগণের সম্পৃক্ততা। জনগণের মতামত জানানোর উৎকৃষ্ট পন্থা হচ্ছে অবাধ, নিরপেক্ষ,সুষ্ঠ, শান্তিপূর্ণভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন।
তিনি বলেন, আশা করি শেখ হাসিনা এই সত্য গুলি অনুধাবন করে অনতিবিলম্বে নতুনভাবে সকলের নিকট গ্রহণযোগ্য পন্থায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করে জাতিকে সঠিক পথে চলার পথ সুগম করবেন।
গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের সদস্য সচিব কাশেম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এড. এসএম মোরশেদ, অধ্যক্ষ স্যাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্মমহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এড. আবুল হাসেম, প্রচার সম্পাদক এড. মফিজুল ইসলাম নিলু, ঢাকা উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি এবিএম সেলিম, গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের যুগ্ম আহবায়ক মাসুদ, গণতান্ত্রিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মাদ্রাজী, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসানসহ প্রমুখ।
