পবিত্র রমজানে মুসলিম সংস্কৃতির অংশ ইফতার আয়োজন না করে সেই অর্থ গরীব মানুষের মধ্যে বিতরণ করার কথা বলছে আওয়ামী লীগ। দলটির সভানেত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের মুখে শোনা যাচ্ছে দেশের অর্থনৈতিক দুরাবস্থা এবং নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগও এবছর ইফতার আয়োজন থেকে বিরত থাকছে।
এদিকে সরকারের পক্ষ থেকে ‘গরীব-অসহায়’ মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজনের পরিবর্তে তাদের উপহার সামগ্রী দেওয়ার উদ্যোগের পর বিভিন্ন মহলে কথা উঠছে, আওয়ামী লীগের আমলে দেশ যখন উন্নতির চরম শিখরে তখন এতো ‘গরীব ও অসহায়’ মানুষ কোথা থেকে এলো? আবার নিত্যপণ্যের দাম না কমিয়ে জনগণকে উপহার দেওয়ার বিষয়টিকে জনগণের সঙ্গে উপহাস হিসেবে মনে করছেন তারা।
সূত্র বলছে, গত দুই রমজানেও ইফতার পার্টির পরিবর্তে একই কর্মসূচী হাতে নেয় আওয়ামী লীগ। তবে সারা দেশে দলীয় কর্মীদের পরিবর্তে সাধারণ মানুষের মধ্যে তাদের কোনো ত্রাণ বা উপহার সামগ্রী পৌঁছেছে কি-না সে বিষয়ে দলের পক্ষ থেকে সঠিক কোনো তথ্য দেওয়া হয়নি।
চলতি রমজানেও ইফতারের পরিবর্তে এমন ঘোষণা দেওয়া হলেও চতুর্থ রমজান পর্ন্ত সারা দেশে তাদের ত্রাণ কার্যক্রমের কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে প্রথম রমজান থেকে বিএনপি সারা দেশের নেতাকর্মী ও সাধারণ মানুষদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেছে। এসব ইফতারে এতিম, ছিন্নমূল, আলেম-ওলামা থেকে শুরু করে সমাজের নানান শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। পক্ষান্তরে আওয়ামী লীগের পক্ষ থেকে ইফতারের পরিবর্তে উপহার সামগ্রী দেওয়ার কথা বলা হলেও শুক্রবার পর্যন্ত এ নিয়ে তাদের সুনির্দিষ্ট কোনো কর্মসূচী প্রকাশ করা হয়নি।
তবে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আয়োজনে গণ ইফতার ও আলোচনা কর্মসূচীতে সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রদের ওপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার কর্মসূচীর আহ্বায়ককে তুলে নিয়ে গেছে ছাত্রলীগ। এসব ঘটনায় সারা দেশে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হলেও সরকার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
রাজনৈতিক ও ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, রমজানে ইফতার পার্টির আয়োজন বাংলাদেশসহ পুরো মুসলিম বিশ্বের একটি প্রাচীন সংস্কৃতি। এসব আয়োজনে একদিকে যেমন কোরআন ও হাদীসের আলোকে রোজার গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়, অপরদিকে সালাতের মতো ধনী-গরীব এক কাতারে বসে ইফতার করার সুযোগ পায়। তাতে সমাজের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব মজবুত হয়।
বিএনপি নেতাদের অনেকেই বলছেন, আওয়ামী লীগ বরাবরই ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করতে চায়। ভারতীয় একটি দেশের অনুকরণে তারা দেশের ইসলাম ও মুসলিম সংস্কৃতিকে আঘাত করে বরাবর এ ধরণের নানা কার্যকলাপ তারা করে থাকে। রমজানে ইফতার বর্জনও তাদের সে ধরণের কর্মসূচীর অংশ।
তারা বলছেন, আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী কয়েক বছর আগে থেকেই দেশে কোনো গরীব নেই। তাহলে ইফতার বর্জন করে তারা কোন গরীবদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করবে? নাকি এখানেও দলীয় পোষ্যদের পেট পূজাই মুখ্য?
এছাড়া সিন্ডিকেটের মাধ্যমে বাজারে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে ইফতার বর্জন কর কৃচ্ছতা সাধন নীতিকে আওয়ামী লীগের ভাওতাবাজি বলেও মন্তব্য করছেন অনেকেই।
