Logo
Logo
×

রাজনীতি

নিহত স্বেচ্ছাসেবক দল নেতার ভাইয়ের আকুতি, ‘কীভাবে মারা গেল জানতে চাই’

Icon

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৫:২৪ পিএম

নিহত স্বেচ্ছাসেবক দল নেতার ভাইয়ের আকুতি, ‘কীভাবে মারা গেল জানতে চাই’

নিহত স্বেচ্ছাসেবক দল নেতা ফেরদৌস আহমেদ

দলীয় কর্মসূচিতে অংশ নিতে গত রবিবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা ফেরদৌস আহমেদ। বিকেল থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদরের খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার এলাকার নুরুল হকের ছেলে ফেরদৌস ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। তার আকস্মিক এই মৃত্যুতে তৈরি হয়েছে নানা প্রশ্ন। খোদ পুলিশের পক্ষ থেকেই এটিকে হত্যা হিসেবে বলা হচ্ছে। আর বিএনপি বলছে, সরকারের ধারাবাহিক গুম-খুনের শিকার ফেরদৌস।

গত সোমবার সকালে লালমনিরহাট সদর উপজেলার নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের পাশ থেকে ফেরদৌসের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা জানান, ফেরদৌস গত রবিবার সকালে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা বলে বাড়ি থেকে বের হন। বিকেল থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর গত সোমবার সকাল ৭টার দিকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ফেরদৌসের ছোট ভাই আলমগীর বাংলা আউটলুককে বলেন, ‘বড় ভাইয়ের সঙ্গে কারো বিবাদ ছিল কিংবা শত্রুতা ছিল- এমনটা আমাদের জানা নেই। দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পর বিকেল থেকে ফোন বন্ধ ছিল। কীভাবে কি হয়ে গেল বলতে পারব না। কীভাবে মারা গেল তা জানতে চাই আমরা।’

মামলা করবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ বিষয়টি দেখছে। আমরা আর মামলা করব না।’

লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিষয়টি ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

বিএনপি মহাসচিবের বিবৃতি

ফেরদৌসের মরদেহ পাওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাষ্ট্রের পরতে পরতে অমানবিকতা, নিষ্ঠুরতা ও পৈশাচিকতার বহিঃপ্রকাশ। রাষ্ট্রক্ষমতার জন্য শাসকগোষ্ঠী গোটা দেশকে সন্ত্রাসী দুঃশাসনের ছায়ায় আচ্ছন্ন করে রেখেছে। ঠান্ডা মাথায় খুন এখন ক্ষমতাশালীদের সংস্কৃতিতে পরিণত করা হয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনোই উদার গণতন্ত্র, সামাজিক স্থিতি ও শান্তির পরিবেশ বজায় রাখাকে অবিশ্বাস করে। শুধুমাত্র গদি আঁকড়ে রাখতে অবৈধ ক্ষমতাসীনরা দুঃশাসন জিইয়ে রাখতেই অতিশয় উৎসাহী। গত দেড় দশক ধরে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এক বর্বর হিংসাযুদ্ধে লিপ্ত রয়েছে অবৈধ সরকার। দুর্নীতি বৃদ্ধি বিকাশের আদর্শস্থল ডামি সরকার পেশীশক্তি আর রক্তপাতকেই ক্ষমতা ধরে রাখার অবলম্বন মনে করছে। তাই প্রতিবাদী স্বরকে থামিয়ে দিতে ভয়ংকর গুম, খুন, গুপ্তহত্যার নীলনকশা বাস্তবায়ন করে যাচ্ছে। আওয়ামী ত্রাসের ক্রমপরিবর্তনশীল রুপ এখন হিংস্র চেহারা নিয়ে দেশের সর্বত্র আত্মপ্রকাশ করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গত সোমবার লালমনিরহাট জেলাধীন মহেন্দ্রনগর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফেরদৌসকে দুস্কৃতিকারিদের দ্বারা পৈশাচিক কায়দায় হত্যা বর্তমান দুঃশাসনের আরেকটি ভয়ানক দৃষ্টান্ত। জনগণ এই অমানবিক ও হৃদয়বিদারক ঘটনার বিচার একদিন বাংলাদেশের মাটিতেই করবে ইনশাল্লাহ। সবকিছুরই শেষ পরিণতি আছে, দুষ্কৃতিকারীরা যতই ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতা পাক না কেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে কেউই রেহাই পাবে না।’

হত্যাকাণ্ড বলছে স্বেচ্ছাসেবক দল, অভিযোগ সরকারের দিকে

ফেরদৌসের মরদেহ পাওয়ার ঘটনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভিযোগ করে বলেছেন, ‘রমজান মাসে বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু একটি সমন্বয় সভা আহ্বান করেছিলেন। সেই সভায় উপস্থিত হবার জন্য তিনি তার বাসা থেকে বের হয়েছিল। কিন্তু রাতে তিনি বাসায় না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর গত সোমবার সকালে তার মরদেহ পাওয়া যায়।’

তারা বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনে বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গুম, খুন, অপহরণসহ নানাবিধ অপকর্মের মাত্রা আরও তীব্র হয়ে উঠছে। তারই অংশ হিসেবে এই হত্যাকাণ্ড। এ দেশের মানুষ আওয়ামী অবৈধ সরকার দ্বারা সংঘটিত প্রতিটি হত্যাকান্ডসহ সকল ধরনের নিষ্ঠুরতার বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন