Logo
Logo
×

রাজনীতি

ভোটের অধিকার আদায়ের আন্দোলন চলবে: মির্জা আব্বাস

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০১:০৮ এএম

ভোটের অধিকার আদায়ের আন্দোলন চলবে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের চক্রান্ত বিএনপি বুঝতে পারেনি। বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে, সে জন্য বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্ত ছিল। আমরা বুঝতে পারিনি।’

আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগের এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির উদ্বোধন করে মির্জা আব্বাস বলেন, ‘২৮ অক্টোবর ছক কষে চক্রান্ত করা হয়েছে। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য এ চক্রান্ত ছিল। দুই বছর আগে থেকে নকশা করে বেছে বেছে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। আমরা বুঝতে পারিনি। বোঝার ভুল হয়েছিল।’

তিনি অভিযোগ করে বলেন, ‘কারাগারে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন করা হয়েছে। রাজনীতি করার কারণে অনেকবার জেলে গেছি, কিন্তু এবারের মতো করুণ অবস্থার কথা বর্ণনা করতে পারব না। বিএনপির লোকজনের ওপর নির্যাতন ও অত্যাচার সীমা ছাড়িয়েছে। অনেক নেতাকর্মী জেলে গেছেন একটা মামলা নিয়ে আর বেরিয়েছেন ২০-২২টা মামলা নিয়ে। আওয়ামী লীগ এ দেশের জনগণের কোনো দাবি মানেনি। এরপরও নেতাকর্মীরা মনোবল হারাননি। গণতান্ত্রিক পদ্ধতিতে এ অহিংস আন্দোলন মানুষের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার আদায়ের জন্য চলবে। গণতান্ত্রিক আন্দোলন সাময়িক বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু কখনো ব্যর্থ হয়নি।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, ‘নিজের মধ্যে মনোবল রাখতে হবে, নিজেদের আরও ঐক্যবদ্ধ হতে হবে আর নিজেদের ভেতরেও গণতান্ত্রিক চর্চা করতে হবে। আপনারা অনেক অত্যাচার সহ্য করেছেন। আরও সহ্য করতে হবে। কত সহ্য করবেন, বলা যাবে না। তবে হাত-পা ভেঙে গুঁড়া করে দেওয়া হবে, এটা কোনো রাজনীতি হতে পারে না। পরবর্তী প্রজন্ম আন্দোলনে এগিয়ে এলে এই ফ্যাসিস্ট সরকারের পরাজয় হবেই।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। 

সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টন এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রচারপত্র বিতরণ করেন। এছাড়া শহরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়েও এ প্রচারপত্র বিতরণ করা হবে। কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও  কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ইস্টার্ন হাউজিং ও মিরপুর-১১ নাম্বার কাঁচা বাজার এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাসীন অবৈধ, ডামি সরকার লুটেপুটে পুরো দেশটাকে গিলে খাচ্ছে। এরা দেশের গণতন্ত্র খেয়েছে, ভোটাধিকার খেয়েছে, অর্থনীতি খেয়েছে। এবার স্বাধীনতা, স্বার্বভৌমত্ব খেতে শুরু করেছে। এদের হাত থেকে দেশকে বাচাতে হবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন