নারী দিবস: মহিলা দলের কর্মসূচির আগেই নয়াপল্টন ঘিরে ফেলে পুলিশ
প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৫:০৮ এএম
মহিলা দলের কর্মসূচির আগেই নয়াপল্টন ঘিরে ফেলে পুলিশ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পূর্বঘোষিত র্যালি কর্মসূচি ছিল। অনুমতি না থাকার অজুহাতে কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। শুধু তাই নয়, কর্মসূচিতে যত সংখ্যক মহিলা দলের নেতাকর্মী অংশ নিতে এসেছিলেন তার চেয়ে পুলিশের সংখ্যা ছিল বেশি। কর্মসূচিতে অংশ নিতে আসা নেতাকর্মীদের আগেই নয়াপল্টন ও আশপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ।
কর্মসূচিতে অংশ নিতে সকাল ১০টার দিকে মহিলা দলের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে আসতে থাকে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এরপর বেলা ১১টা ৩৫ মিনিটে র্যালি বের করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়।
এ সময় ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ ছাড়াও বিভিন্ন স্লোগানে নয়াপল্টন এলাকা মুখর করে তোলেন মহিলা দলের নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের ঘিরে ফেলে। এক পর্যায়ে নারী কর্মীরা কয়েক মিনিট স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ে চলে যান।
এদিকে, মহিলা দলের র্যালি ঘিরে সকাল থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিলেন তারা। এছাড়া প্রিজন ভ্যান, জলকামান এবং এপিসিও রাখা হয়।
পুলিশের বাধার সমালোচনা করে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক আজকে একটা নারী দিবস, সেখানে পুলিশ নারীদের একটা শান্তিপূর্ণ মিছিল করতে দিল না। দেশের নারী সমাজ কেমন আছে এটাই তার প্রমাণ। আজকে আমাদের শান্তিপূর্ণ র্যালি পণ্ড করে দেওয়ার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
পুলিশের মহিলা শাখার সহকারী কমিশনার (এডিসি) ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘যেটা পারমিশন ছিল উনারা সমাবেশ করেছেন, বক্তব্য দিয়েছেন, সেখানে আমরা বাধা দিইনি। যতটুকু পারমিশন ছিল সেটা আমরা করতে দিয়েছি।’
র্যালি কেন করতে দিলেন না জানতে চাইলে তিনি বলেন, ‘উনাদের বক্তব্য দেওয়ার পারমিশন ছিল, বক্তব্য দিয়েছেন। আজকে জুমার সময় গাড়ি চলাচল করছে, এই র্যালি করতে দিলে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হবে। সে জন্য আমরা সেটা করতে দিইনি।’
