প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি ইউএনবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেইলি রোডে বহুতল ভবনটিতে ‘ফায়ার এক্সিট’ নেই। ইউএনবি।
তিনি বলেন, ‘বেইলি রোডের যে বহুতল ভবনে আগুন লাগল, সেখানে কোনো ফায়ার এক্সিট নেই।’
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিমা ধারণা প্রচারের লক্ষ্যে জাতীয় বিমা দিবস-২০২৪ উদ্বোধনকালে এ কথা বলেন।
অর্থ মন্ত্রণালয় এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ব্যাংক বিমা সেবারও উদ্বোধন করেন যা সরাসরি ব্যাংক থেকে বিমার প্রিমিয়াম প্রদানের সুবিধা প্রদান করে।
তিনি ভবন নির্মাণের সময় সকলকে নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমরা সবসময় আমাদের স্থপতিদের অনুরোধ করি, অন্তত যখন তারা ঘর বা বিল্ডিং ডিজাইন করেন, তখন একটি ছোট খোলা বারান্দা, একটি ফায়ার এক্সিট বা বায়ুচলাচলের স্থান রাখুন। কিন্তু যেসব স্থপতি ভবন নির্মাণ করতে চান তারা ঠিকমতো নকশা করাবেন না এবং মালিকরাও এক ইঞ্চি জায়গাও ছাড়তে চান না।’
শেখ হাসিনা বলেন, ‘বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৫ জন মারা গেছে। এর চেয়ে কষ্টের আর কী হতে পারে!’
প্রধানমন্ত্রী বলেন, সরকার সব ভবনে অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বারবার নির্দেশনা দিলেও তা মানা হচ্ছে না।
তিনি বলেন, ‘এবং আমি জানি যে কোনো বীমা ছিল না, তাই তারা (বেইলি রোড অগ্নিকাণ্ডের শিকাররা) ক্ষতিপূরণ হিসেবে কিছুই পাবে না। এসব ক্ষেত্রে সচেতনতা খুবই প্রয়োজন।’
