প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তার অনেক কথা হয়েছে। তিনি তাকে প্রশ্ন করেছেন, যুদ্ধটা বন্ধ করা যায় না? রাশিয়ার প্রেসিডেন্টকে (পুতিন) পেলে তাকেও একই প্রসঙ্গে বলবেন বলে জানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, ‘আমি আমারটা বলে যাবো, কে কী ভাবলো বা বললো, ওটা নিয়ে ভাবি না৷ কারণ, এতে মানুষ কষ্ট পাচ্ছে।’
জার্মানি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথাগুলো বলছিলেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবনে শুরু হয় এ সংবাদ সম্মেলন।
তিনি বলেন, ‘সবাই বুঝে, কিন্তু কিছু লোক তো আছে, না বোঝার ভান করে। যুগ যুগ ধরে আছে, যুগ যুগ ধরে থাকবে। ওগুলোকে পাত্তা না দিলেও চলে, আমি এগুলোকে পাত্তা দেই না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৮১ সালে দেশে আসার পর থেকে সারা বাংলাদেশ ঘুরেছি। লঙ্গরখানা খুলেছি, খাবার দিয়েছি, রিলিফ দিয়েছি, আমাদের দলের পক্ষ থেকে সবসময় সক্রিয় ছিলাম। এখন তো আর সেই অবস্থা নেই যে, লঙ্গরখানা খুলতে হবে। এখন মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা আছে। আগে একটা মানুষের রাবারের স্যান্ডেলও ছিল না। এখন সেই অবস্থা নেই। এখন রাবারের সেন্ডেলও মানুষের পায়ে আছে। পরিকল্পনা নিয়ে কাজ করেছি বলেই আজ দেশের উন্নয়ন হয়েছে।’
