Logo
Logo
×

রাজনীতি

ঋণখেলাপিদের নাম প্রকাশ করুন: বাম গণতান্ত্রিক জোট

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৩ এএম

ঋণখেলাপিদের নাম প্রকাশ করুন: বাম গণতান্ত্রিক জোট

এক কোটি টাকার বেশি ঋণখেলাপিদের নাম প্রকাশ এবং এ ধরনের ঋণ পাওয়ার প্রক্রিয়া প্রকাশ করার দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) নেতারা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সামনে এক সমাবেশে তারা এ দাবি জানান। খবর ইউএনবির।

অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখে বিস্তারিত প্রকাশ করতে বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি জানান তারা।

বাম জোট প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে এবং কেন্দ্রীয় ব্যাংক অভিমুখে পদযাত্রা করে। সেখানে থেমে মিছিল করেন তারা।

প্রেস ক্লাবের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন এলডিএর সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বাংলাদেশ ব্যাংকের সামনে বক্তব্য রাখেন- বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা আবদুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক পার্টির কার্যকরী সভাপতি আবদুল আলীন প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন সিপিবি নেতা সাজেদুল হক রুবেল।

অর্থনীতিবিদ আকাশ বলেন, ‘লুটেরাদের সঙ্গে হাত মিলিয়ে বেসরকারি খাতের উন্নয়ন সম্ভব নয়।’

তিনি বলেন, খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কিন্তু তাতে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘খেলাপি ঋণ বেড়েই চলেছে। সরকারের এ ধরনের প্রচেষ্টার মাধ্যমে প্রকৃত অপরাধীদের রক্ষা করা হচ্ছে।’

তিনি বলেন, খেলাপিদের ক্ষমতার উৎস ক্ষমতাসীন দলের সমর্থন। এখন তারা ক্ষমতাসীন দলের অব্যাহত সমর্থন পাচ্ছেন।

ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করে তাদের বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের আর্থিক খাতের অব্যবস্থাপনার দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না।

প্রিন্স কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন হওয়ার এবং দলীয় প্রভাবের বাইরে কাজ করার আহ্বান জানান।

তিনি কেন্দ্রীয় ব্যাংককে তথ্যটি উন্মুক্ত ও স্বচ্ছ করার আহ্বান জানান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন