ফখরুল-খসরুর বাসায় বিএনপি নেতারা
ফখরুল-খসরুর বাসায় বিএনপি নেতারা
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৯ এএম
ফখরুল-খসরুর বাসায় বিএনপি নেতারা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গিয়ে দেখা করেছেন দলের সিনিয়র নেতারা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উভয় নেতার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান। তারা দুই নেতার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন।
প্রায় সাড়ে তিন মাস কারাভোগের পর বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেদিন বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এবং চার মিনিট পরে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বেরিয়ে আসেন। তাদের কারাগারের প্রধান ফটকে দলের নেতাকর্মীরা ফুলের মালা ও করতালি দিয়ে বরণ করে নেন।
গত ২৯ অক্টোবর গোয়েন্দা পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং ২ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের তাদের বাসা থেকে তুলে নিয়ে যায় এবং পরে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার দেখায়।
ওই সংঘর্ষের ঘটনায় ফখরুলের বিরুদ্ধে ১১টি এবং খসরুর বিরুদ্ধে ১০টি মামলা হয়। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাটি ছাড়া সব মামলায় তারা বিভিন্ন সময়ে জামিন পান। গত বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনার মামলায় বিএনপি এই দুই শীর্ষ নেতার জামিন মঞ্জুর করেন।
বৃহস্পতিবার সকালে দুই নেতার আইনজীবীরা বিভিন্ন মামলার জামিন আদেশ, প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহারের আদেশগুলো সব ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর বিকেলে মুক্তি পান বিএনপির দুই শীর্ষ নেতা।
