বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেয়েছেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের বুধবার বিএনপির এ দুই নেতার জামিন মঞ্জুর করেন।
মির্জা ফখরুলের আইনজীবীরা জানিয়েছেন, অন্য সব মামলায় আগেই জামিন হয়েছে। এখন বিএনপি মহাসচিবের মুক্তি পেতে আইনগত কোনো বাধা নেই।
কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাস কুমার ঘোষ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মিললেও আজই মুক্তি মিলছে না, জেল কতৃপক্ষ কোনো কাগজ পায়নি, আজকের (বুধবার) মধ্যে কাগজ পাওয়ার সম্ভাবনা নেই।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর এবং এর পরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে ১১টি মামলা হয়। এর আগে ১০টিতে তিনি জামিন পেয়েছেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তার জামিন মঞ্জুর করল আদালত।
অন্যদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা হয়। এর আগে তিনি ৯টি মামলায় জামিন পান। আজ তিনিও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেয়েছেন।
সর্বশেষ গত ১৭ জানুয়ারি রাজধানীর পল্টন থানায় হওয়া একটি মামলায় জামিন পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ১০ জানুয়ারি ঢাকার সিএমএম আদালত থেকে ৯টি মামলায় জামিন পান মির্জা ফখরুল। গত ২৯ অক্টোবর গ্রেপ্তার হয়ে সেদিন থেকে সাড়ে তিন মাস সময় ধরে কারাগারে মির্জা ফখরুল।
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আমীর খসরু মাহমুদ চৌধুরী। পুলিশ সদস্য হত্যা মামলায় আমীর খসরুকে গত ২ নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয়।
