জামিনে মুক্তি পাওয়া, আহত নেতাদের সংবর্ধনা, মধ্যহ্ন ভোজ করাচ্ছেন এলাকার দায়িত্বশীল নেতারা
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৬ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিমর্ষ, হতাশ তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করতে নানা আয়োজন করছেন বিএনপি নেতারা। কেউ নিজ এলাকার নেতাকর্মীদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। কেউ আবার নেতাকর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করছেন।
গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পণ্ড হয়ে যাওয়ার পর দফায় দফায় হরতাল, অবরোধ করে দলটি। আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার কারণে নেতাকর্মীদের কেউ জেলে গিয়েছিলেন, কেউ আহত হয়েছিলেন। জেলে থাকা নেতাকর্মীদের অনেকে জামিনে মুক্ত হতে শুরু করেছেন।
এ অবস্থায় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত করতে তাদের নিয়ে রাজনৈতিক সভা ও মধ্যাহ্ন ভোজ করেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও নোয়াখালী-৪ (সুবর্ণচর-নোয়াখালী সদর) আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বলেন, ‘সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপিসহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। সে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। এসব নেতাকর্মীদের কেউ জেলে ছিলেন, কেউ আহত হয়েছিলেন। জেলে থাকা যেসব নেতা জামিনে মুক্ত হয়েছেন তাদেরসহ আহত নেতাকর্মীদের নিয়ে রাজনৈতিক সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছিলাম। নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছি।’
কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ আব্দুল গফুর ভুইয়া বলেন, ‘দলের তৃণমূল নেতাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কেউ গ্রেফতার হয়েছিলেন, কেউ আহত হয়েছিলেন। কারাবন্দী নেতারা জামিন পেতে শুরু করেছেন। আমার নির্বাচনী এলাকার জামিন পাওয়া নেতাদের সংবর্ধনা দিয়েছি আমি। আন্দোলন সংগ্রামে তাদের অবদানের স্বীকৃতি স্বরুপ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়েছি। তাদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করেছি।’
এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানী ঢাকাসহ সারাদেশে কারাবন্দী নেতাদের স্বজনদের খোঁজখবর নিতে পরিবারের সদস্যদের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাত করছেন দলের জ্যেষ্ঠ নেতারা। ইতিমধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কারাবন্দী নেতাদের বাসায় গিয়েছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় তারা পরিবারের সদস্যদের পাশে থাকার অঙ্গীকার করেন।
