Logo
Logo
×

রাজনীতি

সংরক্ষিত আসনের ফরম বিক্রি, প্রথম দিনে আওয়ামী লীগের আয় ৪ কোটি টাকা

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭ এএম

সংরক্ষিত আসনের ফরম বিক্রি, প্রথম দিনে আওয়ামী লীগের আয় ৪ কোটি টাকা

সংসদের সংরক্ষিত এমপি হতে রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার নারীদের ঢল আওযামী লীগে। দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে মঙ্গলবার ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা। প্রতিটি ফরমের মূল্য ৫০ হাজার টাকা। সাধারণ আসনেও একই মূল্যে ফরম বিক্রি করেছিল দলটি।

বাংলাদেশের সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। ইতিমধ্যে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য তাঁদের পক্ষ থেকে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন। ফলে আওয়ামী লীগ তাদের দলের এবং স্বতন্ত্রদের মিলে ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবে। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি (জাপা)।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়, শেষ হয় বিকেল চারটায়। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে জানিয়েছেন, সবচে বেশি ফরম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে ২৭৫টি। চট্টগ্রাম বিভাগে ১৪৯টি, রাজশাহীতে ৯০টি, খুলনায় ৭৭টি, বরিশালে ৫৬টি, সিলেট বিভাগে ২৬টি, রংপুরে ৭৫টি, ময়মনসিংহ বিভাগে ৬২টি ফরম বিক্রি হয়েছে।

দলের নেতা-কর্মীদের পাশাপাশি বিনোদনজগতের তারকারাও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।  জানা গেছে, অপু বিশ্বাস, নিপুন আক্তার, সোহানা সাবা ও তানভীন সুইটি ফরম নিয়েছেন।

এদিকে, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১৪ মার্চ। ৬ ফেব্রুয়ারি এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি। আপিল দায়ের ২২ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ১৪ মার্চ। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত নারী আসন বণ্টন হয়। দলগুলো তাদের অংশে প্রাপ্ত প্রার্থীদেরই মনোনয়ন দিয়ে থাকে। এ কারণে সাধারণত সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন পড়ে না। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পরেই দলগুলোর মনোনীত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়।

গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এর এক মাসের মধ্যেই নারী আসনের জন্য তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন।

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন