Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষনেতাদের বাসায় শীতকালীন পিঠা পাঠিয়েছে বিএনপি

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১২ এএম

নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষনেতাদের বাসায় শীতকালীন পিঠা পাঠিয়েছে বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষনেতাদের বাসায় শীতকালীন পিঠা পাঠিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই পিঠা পাঠানো হচ্ছে। পিঠা পাঠানোর বিষয়টি আজ মঙ্গলবার আউটলুককে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার।

তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে আন্দোলনরত সমমনা জোটসহ নির্বাচন বর্জনকারী ৬২ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বাসায় এই পিঠা পাঠানো হচ্ছে। গত সোমবার ২০টি দলের নেতার বাসায় এবং আজ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ২২টি নেতার বাসায় এই পিঠা পাঠানো হয়েছে। বুধবারের মধ্যেই সব দলের নেতাদের মাঝে পৌঁছে দেওয়া হবে তারেক রহমানের দেওয়া শীতকালীন পিঠা।’

শীতকালীন পিঠা পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো পিঠা গত সোমবার রাতে পেয়েছি।’ এছাড়া নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতার বাসায় পিঠা পাঠানো হয়েছে।

রাজপথের আন্দোলন সংগ্রামের শরিক একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা আউটলুককে বলেন, ‘প্রথমে আমরা রাজনৈতিক ঐক্য গঠন করতে বৈঠক করেছি। এরপর রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী দলগুলোর শীর্ষ নেতাদরে সঙ্গে প্রায়ই কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন আমাদের বাসায় পিঠা পাঠালেন। এটা রাজনৈতিক সৌহার্দ্য। ইতিমধ্যে তারেক রহমান জাতীয় নেতায় পরিণত হয়েছেন। আন্দোলন সংগ্রামে এখনও সফলতা না পেলেও আশা করি শিগগিরই আমরা সফল হবো।’  

বিএনপির গুলশান কার্যালয় সূত্র জানায়, পিঠার মধ্যে রয়েছে ঝাল পিঠা, পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, পাকন পিঠাসহ আরও কয়েক রকমের পিঠা। এসব পিঠা সাবেক ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন নসু, ইকবাল হাসান শ্যামলসহ বিভিন্ন নেতারা জোট নেতৃবৃন্দের বাসায় পৌছে দিচ্ছেন।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন