স্বজনদের দাফনেও অংশ নিতে পারছেন না বিরোধী নেতাকর্মীরা
বিশেষ প্রতিনিধি, ঢাকা
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৬ এএম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক মোর্শেদ হাসান খান। জাতীয়তাবাদী রাজনীতিতে জড়িত থাকার দায়ে একটি লেখাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরি হারান চার বছর আগে। ক্যানসারে আক্রান্ত অসুস্থ স্ত্রী ও এক শিশুকন্যা নিয়ে জীবন চালাতে হিমশিম খাচ্ছেন। মিথ্যা অভিযোগে অন্তত ২৭ মামলার ঘানি টানছেন বেশ কয়েক বছর ধরে। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পর আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম ক্র্যাকডাউনে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। দীর্ঘ দিন বাড়ির বাইরে থাকায় পরিবারের কারো সাথে যোগাযোগ করতে পারেননি। খবর রাখতে পারেননি অশীতিপর অসুস্থ অবসরপ্রাপ্ত চিকিৎসক বাবা তোফাজ্জল হোসেন খান ও মমতাময়ী মায়েরও।
ডিসেম্বরের মাঝামাঝি হৃদ্রোগে আক্রান্ত হন বাবা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. টিএইচ খান। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর গত রবিবার ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় মারা যান তিনি। তাকে শেষ দেখার সুযোগও পেলেন না মেজ সন্তান মোর্শেদ হাসান খান। মৃত বাবার পাশে দাঁড়িয়ে দু’ফোঁটা অশ্রু বিসর্জনেরও সুযোগ পাননি তিনি। বঞ্চিত হন বাবার কবরে একমুঠো মাটি দেয়া থেকে। ফোনেই বাবার দাফনের খবর নিতে হয় তাকে। বিদায় জানান ফোনের অপর প্রান্ত থেকে আর একাই কাঁদতে হয়।
স্বামীকে হারিয়ে ৭৬ ঊর্ধ্ব বৃদ্ধা খালেদা বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন এই বলে, আমার মোর্শেদ ওর বাবার জন্য অনেক করেছে। কিন্তু শেষ বিদায়ে বাবার পাশে থাকতে পারল না। অসুস্থ শরীর নিয়ে ঠিকমতো উঠে দাঁড়াতেও পারছিলেন না মা খালেদা বেগম।
একইভাবে ২ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পার্থিব জগতের মায়া ছিন্ন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিকের মমতাময়ী মা। পারভেজ মল্লিক বর্তমান সরকারের রোষানলে পড়ে লন্ডনে অবস্থান করছেন। সরকারের নানা অপকর্ম ও অনিয়মের সমালোচনা এবং গণতান্ত্রিক আন্দোলনে জড়িত থাকার দায়ে তিনিও বহু বছর দেশে আসতে পারছেন না। মায়ের মৃত্যুর সংবাদ শুনেও শেষবারের মতো প্রিয় মুখ আর দেখা হলো না পারভেজ মল্লিকের। পারলেন না দেশে আসতে। দুই বছর আগে হারান প্রিয় বাবাকেও। তখনো দেশে ফিরে বাবার কবরে মাটি দিতে পারেননি পারভেজ মল্লিক।
এমনই হাজারো বঞ্চনার ঘটনা বর্তমানে সারা দেশে অহরহ ঘটছে। শুধু রাজনৈতিক কারণে লাখ লাখ বিএনপি ও বিরোধী দলের কর্মীরা ঘরছাড়া। পরছেন না পরিবার-পরিজনের খবর নিতে। প্রিয় সন্তানের ভালোমন্দও দেখতে পারছেন না। মায়ের মমতার আঁচলের ছোঁয়া আর বাবার নিরাপদ বুকটা এই মানুষগুলো থেকে কেড়ে নেয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি আর গায়েবি মামলায় দীর্ঘ দিন ধরে বাড়ির বাইরে থাকায় পরিবার থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তারা। পরিবারগুলোও চরম অনিশ্চয়তা আর ঝুঁকিতে রয়েছে। অধিকাংশ নেতাকর্মী পরিবারের সদস্য বা বাবা মায়ের মৃত্যুতেও পাশে থাকতে পারছেন না।
গত কয়েক মাসে দেখা গেছে, বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে বাবা-মায়ের দাফনের পরপরই গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মৃত্যু সংবাদ পেয়ে বিএনপি নেতাকর্মীরা স্বজনের জানাজায় অংশ নিতে এলে আশপাশে সাদা পোশাকে অবস্থান নিয়ে তাদের আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে বাবা-মায়, স্বজনদের জানাজা বা দাফনে অংশ নিতে পারছেন না তারা।
বিষয়টি শুধু রাজনৈতিক বা সামাজিক নয়। মনস্তাত্ত্বিক ভাবেও বিএনপি নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মনোরোগ বিশেষজ্ঞদের মতে, মানুষের আবেগ-অনুভূতি বাধাগ্রস্ত হলে এক ধরনের ক্রোধ জন্ম নেয়। যা বেশ ভয়ংকর রূপ নিতে পারে।
এ ছাড়া অসংখ্য নেতাকর্মী রয়েছেন যারা গায়েবি এবং রাজনৈতিক মামলায় বছরের পর বছর কারান্তরীণ। স্বজনের মৃত্যুতে প্যারোলে মুক্তি মিললেও ডান্ডাবেড়ি আর হাতকড়া পরে থাকতে হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর উপস্থিতিতে প্রিয়জনদের জড়িয়ে কান্নার অধিকারও কেড়ে নেয়া হচ্ছে তাদের।
মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বাংলা আউটলুককে বলেন, এ ধরনের ঘটনায় সবার একটু বেশি মানবিক আচরণ করা প্রয়োজন। না হলে ট্রমাটাইজড হয়ে যেতে পারে যে কেউ। আর এ ধরনের ট্রমা সামাজিক শৃঙ্খলা নষ্টের কারণ হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। এটা বেশ অমানবিকও।
এমন আঘাত অধিকাংশ ক্ষেত্রে মানুষ নিতে পারে না বা সহ্য করতে পারে না। ফলে, এমন ঘটনার পর অস্বাভাবিক আচরণ বা ডিসঅর্ডারের ঘটনাও কম নয়। সুতরাং সবাইকেই এ বিষয়ে আরো সতর্ক হওয়া উচিত বলে মনে করেন এ মনোরোগ বিশেষজ্ঞ।
