‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইনের অবশ্যই নেতিবাচক প্রভাব রয়েছে
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম
আওয়ামী লীগের ভারত নির্ভরতার বিপরীতে এবার দেশটির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে বিএনপিসহ বিরোধী শিবির। সরাসরি ঘোষণা দিয়ে না হলেও দলটির নেতাকর্মীদের একটি বিশাল অংশ প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে নানা ধরণের প্রচার-প্রচারণা করছেন। বিশেষ করে গত ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচন’কে ভারত প্রত্যক্ষভাবে সমর্থন দেওয়ায় দেশটির বিরুদ্ধে দেশের বিরোধী শিবিরে ক্ষোভের আগুন জ্বলছে। এরই অংশ হিসেবে ওই শিবির থেকে ডাক দেওয়া হয় ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইনের। মূলত এর মাধ্যমে দেশের সাধারণ জনগণকে ভারতীয় পণ্য বর্জনে ব্যাপকভাবে উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে।
সম্প্রতি বাজার বিশ্লেষণ ও ব্যবসায়ীসহ ভোক্তা পর্যায়ে কথা বলে জানা গেছে ইতোমধ্যে এই ক্যাম্পেইনের নেতিবাচক প্রভাবও পড়েছে। বাজারে যেসব ভারতীয় পণ্যের বিকল্প রয়েছে সেগুলো প্রত্যাখ্যান করছেন সচেতন ক্রেতারা। এ বিষয়টি ঢাকা ও নয়া দিল্লির কূটনৈতিক পাড়ার নজরেও এসেছে।
সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর এ বিষয়ে কথাও বলেছেন। তিনি একে ভূ-রাজনীতির কৌশল হিসেবে চীনের সঙ্গে ভারতের প্রতিদ্বন্দ্বিতার বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মালদ্বীপ ও বাংলাদেশে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মূলত চীনের বাজার দখলের খেলা। তবে এতে চীনকে ভয় পাওয়ার কিছু নেই।
এদিকে এ ক্যাম্পেইনের বিষয়টি নজরে এসেছে ঢাকারও। সরকারের পররাষ্ট্র দপ্তর বলছে, ইস্যুটি সম্পর্কে তারা অবগত। যেহেতু বিষয়টি কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় তাই এ নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট অবস্থান জানায়নি সরকার। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আগামী ৭ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ তার দিল্লি সফরের আগে-পরে এ বিষয় নিয়ে কথা বলতে পারেন।
এদিকে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক একাধিক কূটনীতিক। তাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক কূটনীতিক বাংলা আউটলুককে বলেন, যেহেতু এ ক্যাম্পেইনটির একটি প্রেক্ষাপট রয়েছে তাই এ নিয়ে খোলামেলা মন্তব্য করার আগ্রহ নেই। তবে এটুকু বলতে পারি বাজারে এর নেতিবাচক প্রভাব রয়েছে।
চাকরি জীবনে ভারতে দায়িত্বপালনকারী অপর এক কূটনীতিক বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে দেশের বেশিরভাগ মানুষের মতামত উপেক্ষিত ছিলো তাই তারা যদি প্রত্যেকে এমন সিদ্ধান্ত নেয় যে তারা ভারতীয় পণ্য বর্জন করবে তাহলে এটি একটি মারাত্মক অস্ত্র হয়ে দাঁড়াবে। তিনি বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। তাদের কোটি কোটি কর্মী-সমর্থক রয়েছে প্রত্যেকে যদি নিজেদের অবস্থান থেকে এই ক্যাম্পেইন বাস্তবায়নে চেষ্টা করে তাহলেও খেলা জমে যায়।
তবে তিনি মনে করেন যেহেতু বাংলাদেশ একটি বিশাল জনবহুল দেশ তাই হয়তো ক্যাম্পেইনের শতভাগ সাফল্য আসবে না। তারপরও যা আসবে সেটিও কম নয় বলে মন্তব্য করেন সাবেক এই কূটনীতিক।
অন্যদিকে সাবেক রাষ্ট্রদূত মুনশী ফয়েজ আহমদ মনে করেন, বাস্তবিক কারণেই এই ক্যাম্পেইন পুরোপুরি সফল হবে না। তার মতে যারা এটি করছেন তাদের দেশের প্রতি মায়া নেই। তারা যদি ক্ষমতায় আসে তারাও ভারতীয় পণ্য আমদানী করবে। তাদের সঙ্গেও দহরম মহরম সম্পর্ক ছিলো। সামনে ক্ষমতায় আসলেও হবে। মূলত এটা তৈরি করে ভারতের সঙ্গে আওয়ামী লীগের এক প্রকার টানাপড়েন সৃষ্টি করতে চায়। সরকারকে বিব্রত করতে চায়। কিন্তু বাস্তবতার নিরিখে সেটি সম্ভব নয়। ভারতীয় পণ্য ছাড়া আমাদের বিকল্প কি আছে-এমন প্রশ্ন রাখেন তিনি।
মালদ্বীপের সরকার চীনের প্রতি ঝুঁকে যাওয়ার কারণে তারাও একই নীতি অবলম্বন করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত ফয়েজ আহমদ আরো বলেন, শেষ পর্ন্ত তারাও (মালদ্বীপ) সেটি টিকিয়ে রাখতে পারবে বলে মনে হয় না। বাংলাদেশেও এটি সম্ভব নয়। শুধু শুধু ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ করে তারা (ক্যাম্পেইন কারীরা) কি অর্জন করতে চায়?
তার মতে, দেশের যে পক্ষটি এখন ভারত বিরোধী প্রচারণা চালাচ্ছে তারা নিজেদের ক্ষতি নিজেরাই করছে। জনগণের মধ্যে এর তেমন কোনো প্রভাব পড়েনি। পড়বেও না।
