আবারও হাসিনা সরকার দুর্নীতির আন্তর্জাতিক স্বীকৃতি পেল : মান্না
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১০:৩৯ পিএম
ফাইল ছবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের আরও ২ ধাপ অবনমন হওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এই সরকার বাংলাদেশকে পাকিস্তান, উগান্ডার চেয়েও নিচে নামিয়েছে।
বুধবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
মান্না বলেন, দক্ষিণ এশিয়ায় কেবল আফগানিস্তান দুর্নীতির সূচকে বাংলাদেশের নিচে। অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেও নির্বাচনের আগের বছরে সরকার, সরকারি দল আর আর তাদের অলিগার্করা দুর্নীতির মহোৎসব চালিয়েছে। নির্বাচনের সার্কাস করে যে সংসদ বানিয়েছে তার অর্ধেকের বেশি কথিত এমপি হাজার কোটি টাকার মালিক। পাকিস্তান আমলে ২২ পরিবার ছিল। আর এখন আওয়ামী লীগ করলেই কোটিপতি, পদ পেলে শত কোটি আর এমপি হলে হাজার কোটি টাকার মালিক। আর তাদের সাথে আছে এস আলম, সামিট আর দরবেশরা। যারা তাদের ক্যাশিয়ার। ভাগ বাটোয়ারা করে দেশের অর্থনীতিকে খোকলা করে দিয়েছে।
গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, এস আলম গ্রুপ হঠাৎ করে গোটা দশেক ব্যাংকের মালিক হয়ে গেল। তার মধ্যে আছে ইসলামী ব্যাংক, যে ব্যাংক আন্তর্জাতিক ভাবেও আদর্শ ব্যাংক হিসেবে স্বীকৃত ছিল। সরকার এই ব্যাংক নিয়ে তাদের অলিগার্ক এস আলমের হাতে দেয়ার সাথে সাথেই ধ্বংস হয়ে গেল। এখন ইসলামী ব্যাংকে না আছে টাকা, না আছে ডলার। একই অবস্থা এই গ্রুপের সব ব্যাংকের। রেন্টাল, কুইক রেন্টাল দিয়ে এস আলম, সামিট, দরবেশদের রাতারাতি বিলিয়নিয়ার বানিয়েছে সরকার।
মান্না বলেন, এদের কেই ব্যাংক ধ্বংস করেছে, কেউ শেয়ার বাজার লুট করেছে। আর এই সরকার দেশের জনগণের ভোটাধিকার থেকে শুরু করে সকল অধিকার হরণ করে একটা লুটের সাম্রাজ্য তৈরি করেছে। ব্যাংকে টাকা নাই, ডলার নাই; কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ নাই। কিন্তু লুটপাট চলছে আগের মতই। কয়েক মাসের মধ্যে বর্তমান ক্ষমতাসীন দখলদার সরকার দেশকে দেউলিয়া বানিয়ে ছাড়বে৷
