ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ডামি নির্বাচনের মাধ্যমে যে সংসদের যাত্রা শুরু হচ্ছে, তা (সংসদ) জনগণের নয়। সংসদের সকল সদস্যই এক দলের।’ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সংসদের কলঙ্কিত যাত্রা শুরু হচ্ছে আজ। অদ্ভুত সরকারের অভিনব কিসিমের অদ্ভুত এই সংসদের সব সদস্যই এক দলের। এই সংসদে বিরোধী দল কারা হবে, তারা কে কী বলবে-করবে, স্বতন্ত্রদের ভূমিকা কী হবে-সবকিছুই পুতুল খেলার মতো। সুতার গোড়া ধরে রাখবেন একজন।’
তিনি বলেন, ‘তথাকথিত দ্বাদশ জাতীয় সংসদকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই সংসদ জনগণের নয়। নামে, বেনামে ও ছদ্মনামে এই সংসদের সবাই আওয়ামী লীগের লোক। এই সংসদে আওয়ামী লীগ এককভাবেই নিয়েছে ২২৩ আসন। ৬২ জন স্বতন্ত্র সদস্যের ৫৮ জনই আওয়ামী লীগের নেতা। আর জাতীয় পার্টি শেখ হাসিনার আশীর্বাদের বিরোধী দল। তিনি দয়া করে জাপাকে ১১টি আসন ছেড়ে দিয়েছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ নতুন নতুন অশুভ পরিকল্পনার মাধ্যমে জনগণকে বঞ্চিত করে ক্ষমতা ধরে রাখছে। এবারও তারা সাড়ে ১২ কোটি ভোটারকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ ক্ষমতার নেশায় আচ্ছন্ন। জনগণের ইচ্ছা-অনিচ্ছা আওয়ামী লীগের কাছে মূল্যহীন।’
রিজভী বলেন, ‘একটি রাজনৈতিক দলের টিকে থাকার প্রধান ভিত্তি জনসমর্থন। আওয়ামী লীগের জনভিত্তি ধসে গেছে। সে কারণে দলটির নেতারা আবোলতাবোল বলেন। ওবায়দুল কাদের, হাছান মাহমুদদের কথার কোনো মূল্য জনগণের কাছে নেই।’
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কয়লা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তার একটি মিথ্যা মামলায় দীর্ঘদিন যাবৎ কারাগারের ভেতরে পুলিশী নির্যাতনে অসুস্থ ছিলেন। গত ২৮ জানুয়ারি রাত ৮:২০ মিনিটের সময় সাতক্ষীরা জেলা কারাগারে বিনা চিকিৎসায় কারা কর্তৃপক্ষের অবহেলায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। কারাকর্তৃপক্ষের এধরনের অবহেলায় এবং বিনা চিকিৎসায় বিএনপি নেতা আব্দুস সাত্তারের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
রিজভী বলেন, ‘ইতোমধ্যে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিরোধী দলের হাজার হাজার রাজবন্দীর মুক্তি চেয়েছে। আমরা অবৈধ পার্লামেন্ট বাতিল করে গণতন্ত্র, মানবাধিকার এবং সাড়ে বার কোটি ভোটারের লুন্ঠিত ভোটের অধিকার আদায়ের আন্দোলন সফল করতে কৃতসংকল্প।
