কালো পতাকা মিছিল : একই ধরনের কর্মসূচির মধ্যে ঘুরপাক খাচ্ছে বিএনপি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৭:৫২ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আড়মোড়া ভেঙে রাজনীতিতে সক্রিয় হাওয়ার চেষ্টা করছে বিএনপি। প্রতিদিনই বিএনপির নেতারা বিভিন্ন সভা সেমিনারে কথা বলেছেন। এই ধরনের কথা বিএনপির নেতারা গত কয়েক বছর ধরেই বলে যাচ্ছেন। কিন্তু রাজনীতিতে কার্যকর কোনো পরিবর্তন আসেনি। একই ধরণের কর্মসূচি দিয়ে সামনের দিনগুলোতে সফলতা নিয়েও জনমনে সংশয় রয়েছে।
যদিও নতুন সংসদের প্রথম অধিবেশনের দিন থেকে শুরু হচ্ছে বিএনপির সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির দ্বিতীয় দফার আন্দোলন। সরকার পদত্যাগ না করা পর্যন্ত সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, আন্দোলন চলমান রয়েছে। সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে পূর্ব ঘোষণা অনুযায়ী। দেশের জনগন বাকশাল গ্রহণ করেনি। এখন বাকশাল -২ গ্রহণ করবে না। হয়তো সময লাগবে সরকারের পতন ঘটাতে। তবে আমরা থামবো না।দেশের জনগন আমাদের সঙ্গে রয়েছে।
সংসদ নির্বাচনের আগে ২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশ পুলিশ পন্ড করে দেয়। এরপর হরতাল, অবরোধ, মানববন্ধন, ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। ৭ জানুয়ারির নির্বাচনের দিন ও আগেরদিন হরতাল পালন করে বিরোধী রাজনৈতিক দলগুলো।
বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির এক সদস্য বলেন, ‘নির্বাচনের আগে সারাবিশ্বের গনতান্ত্রিক দেশগুলোর প্রতি আমাদের অনুরোধ ছিলো তারা যেনো দেশের গনতন্ত্রকামী জনগনের সঙ্গে থাকে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের প্রতি আমাদের অনুরোধ ছিলো তারা যেনো বিশেষ কোনো দলের সঙ্গে না থেকে দেশের জনগনের সঙ্গে থাকে। কিন্তু তারা দেশের জনগনের পক্ষ নেয়নি। বরং তারা সরকারকে একতরফাভাবে সমর্থন দিয়ে যাচ্ছে জনগনের বিরুদ্ধে গিয়ে। এ অবস্থায় আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবো। যেসব দেশ আমাদের সঙ্গে থাকবে তাদের সমর্থন নিয়েই আমরা এগিয়ে যাবো। বিশেষ করে জাতিসংঘসহ অন্যান্য দেশ যেভাবে ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে বিবৃতি দিয়েছে প্রত্যাখান করেছে তাতে আমরা আশাবাদী।
এদিকে বিএনপি নেতারা বলছেন, ৭ জানুয়ারি নির্বাচনের পর সরকার তড়িঘড়ি করে শপথ নিয়েছে। দ্রুততম সময়ে সরকার গঠন করেছে। সরকারের সবকিছুর মধ্যেই তাড়াহুড়ো দেখা যাচ্ছে। তবে বিএনপি তাড়াহুড়ো করবে না। এই মুহুর্তে বিএনপির প্রথম কাজ কারাবন্দী নেতাদের মুক্তি। পাশাপাশি ধাপে ধাপে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কখনো যুগপৎভাবে কখনো এক মঞ্চে আবার কখনো সমান্তরালে আন্দোলন চালিয়ে যাবে।
তারা বলেন, ১৯৭৫ সালে ২৫ জানুয়ারী অতি অল্প সময়ের মধ্যে বাকশাল কায়েম করেছিলো। এবার ৭ জানুয়ারী নির্বাচনের মাধ্যমে বাকশাল-২ কায়েম করেছে। কিন্তু বাস্তবতা হলো দেশের জনগণ সে সময়ে বাকশাল গ্রহণ করেনি। এবারও দেশের জনগণ বাকশাল-২ গ্রহণ করেনি। বরং বিএনপিসহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচন বর্জনের যে আহ্বান জানানো হয়েছিল তাতে জনগন সাড়া দিয়েছে। জনগন ভোট বর্জন করেছে। সরকারকে প্রত্যাখ্যান করেছে। এখন বিএনপির দায়িত্ব হয়ে দাড়িয়েছে জনগনকে সঙ্গে নিয়ে সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া। দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল সরকার পদত্যাগ না করে একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলে আন্দোলন চলমান থাকবে। এখন তা-ই হবে।
এদিকে বিএনপি দলীয় আইনজীবী ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আউটলুককে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কারাবন্দী নেতাদের জামিনের উদ্যোগ নিতে বলেছেন। তার নির্দেশে আমরা নেতাদের জামিনের উদ্যোগ নিচ্ছি। ইতিমধ্যে কারাবন্দী নেতাদের কেউ কেউ মুক্ত হয়েছেন জামিনে। বাকিদের জামিনের প্রক্রিয়া চলমান রয়েছে।
সাজাপ্রাপ্ত যেসব নেতা আত্মগোপনে রয়েছেন তাদের বিষয়ে দলের সিদ্ধান্ত কি জানতে চাইলে বিএনপির এক ভাইস চেয়ারম্যান আউটলুককে বলেন দলের যেসব আইনজীবী নেতাদের মামলা পরিচালনা করেন তাদের সঙ্গে আলোচনা করে আত্ম সমর্পণ ও জামিনের উদ্যোগ নেবেন আত্মগোপনে থাকা নেতারা।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়। ঢাকা মহানগর দক্ষিণ দুপুর ২টা থেকে মতিঝিল পীরজঙ্গী মাজার, ধানমন্ডি নিউমার্কেট সামনে, যাত্রাবাড়ি কদমতলী বাস স্টেশন, সুত্রপুর দয়াগঞ্জ মোড় থেকে এবং ঢাকা মহানগর উত্তর শাহজাদপুর সুবাস্ত নজর ভেলী সামনে থেকে, উত্তরা ১২ নম্বর সেক্টর করব স্থান সামনে থেকে এবং মিরপুর ৬ নম্বর সেকশন মসজিদের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করবেন নেতাকর্মীরা। সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে শরিক গণতন্ত্র মঞ্চ বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাব সামনে থেকে, ১২ দলীয় জোটসাড়ে তিনটায় বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট বিকেল ৩ টায় জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে, গণ ফোরাম ও পিপলস পাটি সাড়ে তিনটায় বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি বেলা ১১টায় পল্টন মোড় থেকে, গণ অধিকার পরিষদ-নুরুল হক নুর সাড়ে তিনটায় বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে, গণতান্ত্রিক বাম ঐক্য সকাল সাড়ে ১১টায় তোপখানা রোড মেহরাব প্লাজা সামনে থেকে, বাংলাদেশ লেবার পার্টি বেলা ১১ টা পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে, আমার বাংলাদেশ পার্টি-এবি পাটি বিকেল তিনটায় মিনিট বিজয় নগর দলীয় অফিসের সামনে থেকে কালো পতাকা মিছিল করবে।
এর আগে একই দাবিতে গত শুক্রবার সারাদেশের সকল জেলা সদরে ও শনিবার রাজধানী ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্য়ালয়ের সামনেসহ সারাদেশের সকল মহানগরে কালো পতাকা মিছিল করেন দলটির নেতাকর্মীরা। কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ৩০ জানুয়ারির কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ‘অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আগামী ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা-থানা, পৌরসভা অর্থাৎ সব ইউনিটে কালো পতাকা মিছিল হবে।'
