Logo
Logo
×

রাজনীতি

দূরে গিয়ে ফিরে আসাটাই বড়, দলছুট সংসদ সদস্যদের বললেন শেখ হাসিনা

Icon

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১০:০৩ পিএম

দূরে গিয়ে ফিরে আসাটাই বড়, দলছুট সংসদ সদস্যদের বললেন শেখ হাসিনা

স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সবাই আমাদের থেকে দূরে গিয়েও আবার ফিরে এসেছেন। সেটাই হচ্ছে বড় কথা। আপনারা সংসদে বসবেন এবং আপনাদের যে দায়িত্ব সেটা পালন করবেন।’ গতকাল রোববার সন্ধ্যায় গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যদের  ভূমিকা রাখার আহবান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘আমরা চাই, আপনারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে মানুষের কাছে যা যা ওয়াদা দিয়ে এসেছেন, সেগুলো আপনাদের বাস্তবায়ন করতে হবে।  সংসদে আপনারা আপনাদের ভূমিকা নেবেন। আমাদের বলার কিছু নেই। সবাই আমাদের থেকে দূরে গিয়েও আবার ফিরে এসেছেন। সেটাই হচ্ছে বড় কথা। আপনারা সংসদে বসবেন এবং আপনাদের যে দায়িত্ব সেটা পালন করবেন।’

শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কয়েকজন সংসদ সদস্য। ফরিদপুর-৩ থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ বলেন, আমরা নৌকা পাইনি কিন্তু আমরা দলের বিভিন্ন পদে আছি, দায়িত্বে আছি। আবার আমরা স্বতন্ত্র সংসদ সদস্য। আমরা বলেছি, এলাকায় কাজ করতে নানা অসুবিধা হচ্ছে। সুতরাং দলের মধ্যে যেহেতু আছি সেহেতু আমাদের একত্রিত করা হোক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, স্বতন্ত্র হিসেবেই তোমরা কাজ করো। এখানে কোনো সমস্যা হবে না। কারণ এটা আমার ডান হাত, ওটা আমার বাম হাত। যারা দলীয় মনোনয়ন পায়নি, তারা সংসদে বেশি আলোচনা ও সমালোচনার সুযোগ পাবে।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী বলেন,  আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমাদের গায়ে যদি এখনো স্বতন্ত্রের সিল লেগে থাকে, তাহলে দলের পদে থেকে কাজ করতে আমাদের অসুবিধা হবে এবং এখনো হচ্ছে। মানুষ বিভিন্ন কথা বলছে। সেক্ষেত্রে আপনার (প্রধানমন্ত্রী) মতামত কী হবে? জবাবে তিনি বলেছেন, দলীয় সংসদ সদস্যরা যতটুকু কথা বলতে পারবেন, তার চেয়ে আমরা বেশি কথা বলার সুযোগ পাব।

সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য সবাই মিলে আমরা দাবি করেছি, আমরা আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগেই থাকতে চাই। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন তোমরা আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগেই আছ।

জানা গেছে, সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র প্রার্থীরা ১০ জনকে মনোনয়ন দিতে পারবেন। তবে নিজেরা মনোনয়ন দেওয়ার প্রক্রিয়ায় না গিয়ে এসব আসনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে অর্পণ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।

৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জিতেছেন। এদের মধ্যে ৫৮জনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। দিলীয় অনুমতি নিয়েই ডামি প্রার্থী হয়েছিলেন তারা। সরকারের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করার কৌশলের অংশ হিসেবেই এদের বেশিরভাগ সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন। আগামীকাল মঙ্গলবার দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন