ফাইল ছবি
রবিবার সন্ধ্যায় ’স্বতন্ত্র’ সংসদ সদস্যদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বতন্ত্রভাবে নির্বাচিত ৬২ জন সদস্যের সবাই যোগ দেন গণভবনের ওই মতবিনিময় সভায়। নামে স্বতন্ত্র হলেও এদের প্রায় সবাই আওয়ামী লীগের দলছুট নেতা। ৬২ জন সংসদ সদস্যের মধ্যে ৫৮জনই আওয়ামী লীগের নেতা। ৭ জানুয়ারির নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখাতে আওয়ামী লীগের এই নেতাদের দল থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের অনুমতি দেয়া হয়। তাদের ভাগ্যও নির্ধারিত হয়েছে কেন্দ্র থেকে। কারা এমপি হবেন, আর কারা হবেন না, তা অনেকটা পূর্ব নির্ধারিত ছিল। এই নেতাদের বেশিরভাগই জানতেন, তারা জয় পেতে যাচ্ছেন নৌকাকে হারিয়ে। কারণ সে রকম সবুজ সংকেত দিয়েই তাদের নির্বাচনের মাঠে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর অনুমোদিত ‘দলছুট’ আওয়ামী লীগারের সেই লড়াইয়ের পরও এই দলছুট আওয়ামী লীগাররা উদ্বেগ উৎকন্ঠায় ছিলেন, প্রধানমন্ত্রীর আশির্বাদ নিয়ে।
নির্বাচনকে নির্বাচনের রূপ দিতে সাহায্য করা এই দলছুট আওয়ামী লীগারদের অবশেষে গণভবনে ডাক পড়ে। রোববার সন্ধ্যায় তারা হাজির হন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, স্বতন্ত্র সাংসদদের নির্বাচনী এলাকায় যদি কেউ ভূমিহীন গৃহ হীন থাকে, তাঁদের জন্য ঘর তৈরি করে দেয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, যেসকল প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ সে সকল প্রকল্পই গ্রহণ করা হয় । দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ারও আহ্বান জানন তিনি।
সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ’বাংলাদেশের ইতিহাস জানতে হবে এবং সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে। আমাদের সংসদ ওয়েস্ট মিনিস্টার টাইপ পার্লামেন্ট। কাজেই সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে।’
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে স্বতন্ত্র এমপিদের গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে আজ বিকেল থেকে সরকারপ্রধানের বাসভবনে প্রবেশ করতে থাকেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।
গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের মধ্যে তিনজন ছাড়া বাকিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এবারের সংসদে আওয়ামী লীগের পরে দ্বিতীয় সর্বোচ্চ আসনে নির্বাচিতরা হলেন স্বতন্ত্ররা।
গণভবনে প্রবেশের আগে কুষ্টিয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য কামরুল আরেফিন বলেন, শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছি। উনি যা বলবেন সেটাই হবে। যেহেতু আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। সংরক্ষিত নারী আসন নিয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন।
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, আমার সাথে যাদের কথা হয়েছে, তারা কেউই জোট গঠনের কথা বলেননি।
