‘কালো পতাকা মিছিলের মাধ্যমে বিএনপি নিজেদের পরাজয় মেনে নিয়ে শোক পালন করছে’-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাব দিয়েছে বিএনপি। কালো পতাকা মিছিল করার ব্যাখ্যা দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে। এ কারণে দেশের জনগন শোকাহত। এটা এখন জনগনের কাছে শোকের বিষয় হয়ে দাড়িয়েছে। তাই গনতন্ত্র হত্যার শোকে শোকাহত জনগনকে নিয়ে বিএনপি কালো পতাকা মিছিল করেছে। শোক প্রকাশ করতে আমরা যেমন কালো ব্যাজ ধারণ করি তেমন আমরা কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করছি।’ রবিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগেশুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘কালো পতাকা মিছিলের মাধ্যমে বিএনপি নিজেদের পরাজয়ের জানান দিচ্ছে। এটা হলো শোক পালনের মিছিল।’
তিনি বলেন, ‘বিএনপির এই মুহুর্তে কোনো আশা নেই। আমেরিকার কোনো নিষেধাজ্ঞাও নেই, ভিসানীতিও নেই, আশায় আশায় দিন চলে যায়, রাত পোহায়। আশাটা আটলান্টিকের ওপারের দিকে তাকিয়ে থাকে।’
জাতীয় প্রেসক্লাবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির উদ্যোগে “ডামি নির্বাচনে অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক আলোচনা সভায় মঈন খান বলেন, ‘আমাদের কালো পতাকা মিছিল নিয়ে ঠাট্টা করেছে আওয়ামী লীগ। তারা বলেছে ' কালো পতাকা মিছিল তো শোকের'। কিন্তু আওয়ামী লীগ হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছ। তারা এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এর চেয়ে জনগনের কাছে আর বড় কোন শোক নেই।’
তিনি বলেন, ‘গণতন্ত্র কিন্তু হাতের মোয়া নয়। আমরা এটার জন্য একটি রাষ্ট্রের শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। সেই শক্তি হলো- বুলেট। সে জন্য আমাদের আজকের এই সংগ্রাম সহজ সংগ্রাম নয়। ১৫ বছরে লাখের বেশি মামলা দেয়া হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।’
মঈন খান বলেন, ‘বিএনপি আর আওয়ামী লীগ ভিন্ন চরিত্রের দল। আওয়ামী লীগ যা করে, বিএনপি তা করে না। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। এই গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ।’
‘যদি গণতন্ত্র না থাকে, এ দেশের মানুষ কেন যুদ্ধ করেছিল, বুকের তাজা রক্ত দিয়েছিল’-এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ ছিল পলায়নকারী দল। যুদ্ধ করেছিল দেশের খেটে খাওয়া মানুষ। আওয়ামী লীগ কোন মুক্তিযুদ্ধ করেনি।’
মঈন খান বলেন, ‘দেশের মানুষ কানাডায় বেগম বাড়ি, সেকেন্ড হোম চায় না। তারা চায় ৫ বছর পর একদিন ভোট দিতে, সেটাই কি অপরাধ? ১৮ কোটি মানুষ কি এই অধিকার টুকু পাবে না!’
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আপনারা আপনাদের মনোবল অটুট রাখুন। আওয়ামী লীগ এই গণতান্ত্রিক মানুষদের কোন কিছুতেই কাবু করতে পারবে না। দেশের মানুষকে ভোটের অধিকার ফিরে দিতেই হবে, দিতেই হবে।’
গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরাম এর সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের আহবায়ক কর্ণেল অবঃ মিয়া মসিউজ্জামান প্রমুখ।
