ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ( বিএসএফ) গুলিতে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্য রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘কি কারণে কোন অধিকারে ভারত আমার দেশে সীমান্ত রক্ষীর ওপর গুলি করবে?’
শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন করেন।
সীমান্তে একজন বিজেবি সদস্য নিহত হওয়ার ঘটনার প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, আমাদের সীমান্তে মানুষ মারা যাচ্ছে, কয়েকদিন আগে আমাদের বিজেবি সদস্য মারা গেছে। কোনা প্রতিবাদ নাই কেনো? কি কারণে কোন অধিকারে তারা আমার দেশে সীমান্ত রক্ষীর ওপর গুলি করবে? কথায় কথায় ধরে নিয়ে যায় আমাদের সাধারণ মানুষকে।’
তিনি বলেন, ‘আমার সীমান্তরক্ষীরা খালি হাতে বা রাইফেল হাতে দাঁড়িয়ে থাকে তাদের গুলি করার অধিকার নাই। সুতরাং আজকে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্নের পথে। কারণ আমাদের দেশের মৌলিক সিদ্ধান্ত যখন বিদেশীরা দেয় তখন আমরা স্বাধীন দেশের নাগরিক দাবি করি কি করে?’
এদিকে গতকাল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে সীমান্তে বিজিবি হত্যার ঘটনার জাতিসংঘের অধীনে তদন্ত দাবি করা হয়েছে। গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিবৃতিতে জানানো হয়।
উল্লেখ্য, গত সোমবার যশোরে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য রইস উদ্দিন নিহত হয়। পরে বুধবার দুপুরে বিজিবির কাছে তার মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এদিন সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর সাহাপাড়া গ্রামের ভবানীপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।
