Logo
Logo
×

রাজনীতি

৩০ জানুয়ারী আওয়ামী লীগও দেশব্যাপি পাল্টা সমাবেশ ডেকেছে  

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০১:২৫ এএম

৩০ জানুয়ারী আওয়ামী লীগও দেশব্যাপি পাল্টা সমাবেশ ডেকেছে  

৩০ তারিখ বিএনপির কালো পতাকা মিছিলের প্রতিবাদে আওয়ামী লীগ লাল-সবুজ পতাকা মিছিল করবে। ওই দিন আওয়ামী লীগের নেতা কর্মীরা মহানগর, জেলা, উপজেলায় লাল-সবুজ পতাকা হাতে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন সমাবেশ করার কর্মসূচি ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে শন্তি সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেন। এসময় তিনি বলেন, সারাদেশে আমাদের নেতাকর্মীরা পাহাড়ায় থাকবেন। বিএনপি নামের এই অপশক্তিকে আমরা আর বাড়তে দিতে পারি না। তাদের রুখতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় তিনি আরো বলেন, চীন বা রাশিয়া আমাদের বন্ধু হতে পারে। কোন বিদেশী শক্তি আমাদের ক্ষমতায় বসায়নি। বাংলাদেশের জনগণের ভোটে শেখ হাসিনা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। 

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বিদেশীদের ভয় দেখান? ৪১.৮ শতাংশ ভোটারের ভোটে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এই সরকার জনগণের সরকার, নির্বাচিত সরকার। নির্বাচনে ২৮টি দল অংশ নিয়েছে।

শনিবার বিকেলে রাজাধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মন্নাফীর সভাপতিত্বে এ সমাবেশে বক্তৃতা করেন, সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলসহ কেন্দ্রীয় ও মহানগর দক্ষিনের নেতারা।

বিএনপির ৩০ জানুয়ারীর কালোপতাকা মিছিল কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মাঠে নেমেছেন। কালো পতাকা মিছিল করছেন। কালো পতাকা মানে হচ্ছে শোক মিছিল।  এ আরেক ভুয়া কর্মসূচি। আন্দোলনের নামে ভুয়া লোক দেখানো কর্মসূচি।

তিনি বলেন, ৩০ জানুয়ারি আবার ডেকেছেন। সেটাও ভুয়া কর্মসূচি। বিএনপিকে সাধারণ মানুষ বিশ্বাস করে না। তাদের কোনো লোকজন নেই, জনগণ নেই। বিএনপির নেতাকর্মীরা হতাশ। 

ওবায়দুল কাদের আরও বলেন, তারেক রহমানের  প্রতি বিএনপির কর্মীদের কোন আস্থা নেই। নেতা কর্মীরা এখন আর তারেকের  ফরমায়েশে কান দেয় না। জনগণতো তাদের সাথে নেই-ই।

শনিবারের বিএনপির কালো পতাকা মিছিলের চরম সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, কোথায় অক্টোবরের ২৮ তারিখ? সময় ঠিক এরকম। ২৮ তারিখের পর কোথায় ছিলেন এতদিন?  কোথায় ছিলেন গয়েশ্বর বাবু? আজ আবারো পল্টনে হাজির হয়েছেন। 

“বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না” গয়েশ^র রায়ের এই বক্তব্যের সামলোচনা করে ওবায়দুল কাদের বলেন, বলেছিলেন অলিগলি খুঁজে পাব না, আমরা পালিয়ে যাব। কে পালিয়েছে? ডিবি অফিসে কোরাল মাছ খেয়ে পালিয়েছিল কারা? 

তিনি বলেন, দেখতে দেখতে ১৫ বছর। সামনে আরও পাঁচবছর। মানুষ বাঁচে কয় বছর! কবে হবে আন্দোলন? এই বছর না ওই বছর? রোজার পর না কোরবানীর পর? কবে হবে আন্দোলন? কোন বছর?

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের খেলা শেষ পাঁচ বছরের জন্য। এখন খেলা হবে রাজনীতির। এখন খেলা হবে দুর্নীতি, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, হরতাল, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। 

তিনি বলেন, আজকে বিশ্বব্যাপী অস্থিরতা, এমনকি লোহিত সাগরেও যুদ্ধ চলছে। এ যুদ্ধের প্রতিক্রিয়া বাংলাদেশে আছে। আমাদের বেশি টাকা দিয়ে আমদানি করতে হয়, বিক্রি করতে হয় কম দামে। ধৈর্য্য হারা হবেন না। শেখ হাসিনার উপর আস্থা রাখুন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আসবে, জিনিস পত্রের দাম কমানোর উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংকট লাঘব করতে শেখ হাসিনা গোটা মন্ত্রিসভাকে কর্ম পরিকল্পনা এবং বাজার নিয়ন্ত্রণে ডাক দিয়েছেন। রমজানে মানুষের কষ্ট আমরা জানি। 

জনগণকে আস্থা না হারানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির কথায় কান দেবেন না। এদের সব কথা ভুয়ায় পরিণত হয়েছে। এরা আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা আনতে চায়, ভিসানীতি আনতে চায়। এসময় আওয়ামী লীগের নেতা কর্মীদের অতীতের ভুল সংশোধন করে মানুষের কাছে যেতেও নির্দেশ দেন দলটির সাধারণ সম্পাদক।

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন