Logo
Logo
×

রাজনীতি

জনগণের এখন ‌মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকা কঠিন: মান্না

Icon

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম

জনগণের এখন ‌মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকা কঠিন: মান্না

নাগরিক ঐক্য এক বিবৃতিতে জানিয়েছে, দ্রব্যমূল্য মোকাবিলায় দেশের মানুষ বলছে, ‘মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকা কঠিন।’ সরকারের উচ্চ সুদের অর্থনীতিতে ধস নেমেছে। চড়া সুদের প্রকল্প ঋণে এখন বাংলাদের অর্থনীতি টালমাটাল অবস্থায়। সরকারের ‘রাজনৈতিক খরচ’ যেন সাধারণ মানুষের বেঁচে বর্তে থাকার মাসুল। সেই বিচারে বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও তার কোনো প্রভাব দেশের বাজারে পড়ছে না। উচ্চ সুদের দায়, সীমাহীন দুর্নীতি, লুটপাট ইত্যাদির গোঁজামিল দিতে সরকার অন্যায়ভাবে সাধারণ মানুষের  পকেটকে টার্গেট করেছে!

বুধবার দলটির সভাপতি মাহামুদুর রহমান মান্নার পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ২০২২ সনে বিশ্ববাজারের দোহাই দিয়ে জ্বালানি তেলের দাম রেকর্ড সর্বোচ্চ ৪২ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে বিশ্ববাজারে বিরাট হারে দাম কমার পরও দেশের বাজারে তার কোনো প্রভাব পড়ে নাই। মানুষের বিপুল সমালোচনা আর গণমুখী আন্দোলনে মাত্র ৪.৩৮ শতাংশ কমিয়ে সান্ত্বনার দায় মিটিয়েছে সরকার। অথচ বিপিসির রিপোর্ট বলছে, ২০১৪-২০১৫ থেকে ২০২০-২০২১ অর্থবছর পর্যন্ত বিপিসির নিট কর দেওয়ার পর মুনাফা ৪৬ হাজার ৮৫৮ কোটি টাকা। এই সময় সরকার লভ্যাংশ পেয়েছে ২ হাজার ৮০০ কোটি টাকা। এ ছাড়া বিপিসির ব্যাংক হিসাবে জমা থাকা উদ্বৃত্ত তহবিল থেকে দুই দফায় ১০ হাজার কোটি নিয়েছে সরকার!

মান্না বলেন,  প্রতি লিটার ইউনিট পানির উৎপাদন খরচ কতো সরকার এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না দিয়েই আবার ৫ স্তরে পানির দাম বাড়াতে চায়। নিম্নআয়ের মানুষ থেকে মধ্যবিত্ত হয়ে উচ্চবিত্তের শ্রেণিগত মীমাংসা সরকার কাগজে-কলমে করে এ স্বীদ্ধান্ত নিলেও বাস্তবতায় এ দেশের ৮০ ভাগ বা তার বেশি মানুষ এখনো নিম্নমানের জীবন-যাপন করে যাচ্ছে। সুতরাং সরকারের সামাজিক শ্রেণি মীমাংসায় চরম গোজামিল!
বিবৃতিতে বলা হয়, বর্তমান আবাসিক গ্রাহকদের জন্য ঢাকা ওয়াসার প্রতি ইউনিট মানে এক হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। যদি পানির দাম বাড়ানোর

প্রস্তাব অনুমোদন পায় তবে তা বর্তমান দামের সাথে বেড়ে দাঁড়াবে, উচ্চবিত্তের জন্য ২২ টাকা ৩২ পয়সা, উচ্চ-মধ্যবিত্তের জন্য ১৬ টাকা ৭ পয়সা এবং পর্যায় হারে নিম্নবিত্ত পর্যন্ত গিয়ে ঠেকবে। জিজ্ঞাসা হলো, দেশের মানুষ কে কোন স্তরে বসবাস করছে তার কোনো সঠিক উত্তর কারো জানা নাই। জোর করে কাগজে কলমে সরকার মানুষের শ্রেণিগত মীমাংসা টানতে চায়!

মান্না বলেন, এভাবে পাল্লা দিয়ে বেড়েছে সব পণ্যের দাম। প্রহসনের নির্বাচনের ঠিক পরপরেই বাজারের রান্নার তেলের দাম বেড়েছে লিটার প্রতি ১৫ টাকা, মোটা চালের দাম বেড়েছে কেজিতে ১৭ টাকা, লবণের দাম বেড়েছে, পেঁয়াজের ঝাঁঝ বেড়েছে, মরিচের ঝাল বেড়েছে, আর কী বাকি আছে? কিছুই বাকি নাই দাম বাড়ানোর। যতোগুলো পন্যের দাম এখনো বাড়ানো হয় নাই সবগুলোই নতুন দাম নির্ধারণের প্রস্তাবনা টেবিলে আছে। পত্রিকা, খবরে এসব তথ্য আসছে প্রতিদিন। মানে সব কিছুর দাম বাড়ানো এখন শুধু সময়ের ব্যপারমাত্র!

মান্না বলেন, সরকারের হাতে কোনো ডলার নেই। রিজার্ভ নিয়ে জাতিকে চরম ধোঁয়াশায় রেখেছে সরকার। কেউ জানে না রিজার্ভ কত! তবে বিপুল দুর্নীতি, অস্বাভাবিক লুটপাট, বিদেশে অর্থপাচার এবং দফায় দফায় টাকা ছাপানোর দায়গ্রস্ত  মুদ্রাস্ফীতির দিকে তাকালে অনুমান করা যায়, রিজার্ভ এখন শুন্যের কোটায়! সুতরাং জ্বালানি থেকে পানি, চাল থেকে লবণ, মরিচ থেকে পেঁয়াজ এমনকি অতি জরুরী ওষুধ উৎপাদনের কাঁচামাল জোগান দেওয়া এখন আর সরকারের পক্ষে সম্ভব নয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন