জাতীয় সংসদে বিরোধী দল কারা হবেন তা নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে থেকে চলছে নানা আলোচনা। নির্বাচনের আগেই জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সংসদের বিরোধী দল হতে গণভবনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার করেছেন। এটাকে হাস্যকর ও লজ্জাজনক হিসেবে অভিহিতি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সম্ভবত বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ, যেখানে প্রধানমন্ত্রী বাছাই করেন বিরোধী দল কে হবে।’
গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, ‘এক ব্যক্তির ক্ষমতালিপ্সার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে আস্থাহীন, অকার্যকর ও হাস্যকর করে ফেলা হয়েছে।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশটা এখন এক ব্যক্তির ইচ্ছায় চলছে। তিনি যা বলছেন বা করছেন সেটাই এখন আইন ও সংবিধান। সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখা দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা। খোদ প্রধানমন্ত্রী একাই ঠিক করছেন কে কি হবেন।’
দেশের সংবিধান বা কোনো আইন-বিধিতে বিরোধী দল ইস্যুতে স্পষ্ট নির্দেশনা নেই। কেবল সংসদের কার্য প্রণালী বিধিতে ‘বিরোধীদলীয় নেতা’ কথাটি উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, ‘বিরোধী দলের নেতা অর্থ স্পিকারের বিবেচনা মতে যে সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য লইয়া গঠিত দল বা অধিসংঘের নেতা।’
৭ জানুয়ারি ভোটারবিহীন সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এরপর ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেন। তবে সংসদে বিরোধী দল কারা হবে এ নিয়ে প্রশ্ন উঠেছে। এই সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি ৬২টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা ব্যক্তিরা।
নির্বাচনের পর স্বতন্ত্র প্রার্থীদের কেউ কেউ বিরোধী দলীয় নেতা হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। এদের মধ্যে ফরিদপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত একে আজাদ বিরোধী দলীয় নেতা হওয়ার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছিলেন। নির্বাচনের পর গত ৯ জানুয়ারি ফরিদপুর শহরের ঝিলটুলির নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একে আজাদ বলেছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জোট গঠন করে বিরোধী দলের নেতা হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জোট গঠন করে বিরোধী দলের নেতা হতে রাজি আছি কিনা জানতে চেয়েছেন অনেক বিদেশি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা ব্যক্তিদের মধ্যে চারজন ছাড়া বাকি সবাই হয় আওয়ামী লীগের বিভিন্ন কমিটির পদধারী নেতা, নয়তো সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। স্বতন্ত্ররা মিলে জোটবদ্ধ হলে তারাই হবে প্রধান বিরোধী দল এবং তাদের একজন হবেন বিরোধীদলীয় নেতা। এসব বিষয়ে গত ৮ জানুয়ারি এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, স্বতন্ত্র প্রার্থী যারা জয়লাভ করেছেন তারা তাদের অবস্থান কি, যতক্ষণ না পর্যন্ত তারা একসঙ্গে থাকবেন নাকি নিজেরা জোট করবেন নাকি তারা আলাদা আলাদা থাকবেন সেটা পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত বিরোধী দল কাকে বলা হবে তার জন্য অপেক্ষা করতে হবে।’
পরেরদিন ১০ জানুয়ারি দ্বাদশ সংসদের বিরোধী দল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমি ঠিক জানি না নিয়মটা কী। তবে আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী যেটা জনগণের ভালো হয় সেটাই করতে চাই।’
পরে ১৮ জানুয়ারি সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার দপ্তরে জাতীয় পার্টির সংসদীয় দলের এক সভা অনুষ্ঠিত হয়। সেদিন জাাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টি তাদের চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত করেছে। এছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ মনোনীত করা হয়েছে।’ জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদকে বিরোধী দলীয় হুইপ মনোনয়ন দেওয়া হয়। সভায় এসব মনোনয়নের সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জানানোর সিদ্ধান্ত হয়। নিয়ম অনুযায়ী, জাতীয় পভর্টির সংসদীয় দলের এই মনোনয়নের চিঠি পাওয়ার পর স্পিকার তাতে সম্মতি দিলে তবেই বিষয়টি কার্যকর হবে।
এদিকে গত মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পর বিরোধী দল কারা, অলরেডি বিরোধী দল জাতীয় পার্টির তো অনেকেই জিতেছেন, ১৪ দলেরও দুজনের মতো জিতেছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় তো দূরে নয়। যিনি লিডার অব দ্য হাউজ হবেন, তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’
গতকাল দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘নিজেরা নিজেরা একদলীয় ডামি নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় বাকশাল প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা। এটা এখন আ¶রিকভাবে বাকশালকে ২.০ ঘোষনার দিকেই ধাবিত করা হচ্ছে। যার প্রমাণ একদলীয় ডামি সংসদ হতে যাচ্ছে আরেক আজব রঙ্গমঞ্চ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঠিক করে দিচ্ছেন কে হবে বিরোধী দল। তিনি গতকাল (সোমবার) বলেছেন, জাতীয় পার্টিই হচ্ছে নতুন সংসদের প্রধান বিরোধী দল। সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রী বাছাই করেন বিরোধীদল কে হবে।’
তিনি বলেন, ‘গত নির্বাচনে এই পার্টি তাদের অস্তিত্ব আওয়ামী লীগে বিলীন করে দিয়েছিল। পোস্টারে শেখ হাসিনার ছবি দিয়ে আওয়ামী লীগ সমর্থিত এই পার্টি এখন জাতীয় আওয়ামী পার্টিতে পরিণত হয়েছে।’
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ২৯৮টি আসনের মধ্যে ২২২টিতে জিতেছে আওয়ামী লীগ এবং একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন। ¯^তন্ত্র প্রার্থীরা, যাদের অধিকাংশই ¶মতাসীন দলের নেতা, ৬২টি আসন পেয়েছে।
