Logo
Logo
×

রাজনীতি

এখন দেখি সীমান্তে বিজিবি’র নিরাপত্তা নেই : রিজভী

Icon

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ১২:৪৫ এএম

এখন দেখি সীমান্তে বিজিবি’র নিরাপত্তা নেই : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘দেশের অভ্যন্তরে মানুষের যেমন নিরাপত্তা নেই সীমান্তে কি বাংলাদেশিদের নিরাপত্তা রয়েছে ? এতদিন দেখেছি, ভারতীয় সীমান্তরক্ষিবাহিনী বিএসএফের হাতে সাধারণ বাংলাদেশী নিহত হয়েছে। আর এখন দেখছি, সীমান্তে এখন বিজিবিরও নিরাপত্তা নেই।’ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘গত সোমবার দিবাগত রাতে যশোর সীমান্তের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট-সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ রইশুদ্দীন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। অন্য দেশের সীমান্তরক্ষীবাহিনীর হাতে আরেকটা স্বাধীন দেশের সীমান্তরক্ষীবাহিনী হত্যা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটির সঙ্গে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত।’

উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, শেখ হাসিনার ক্ষমতা লোভের ফলশ্রুতিতে নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ আজ তাবেদার রাষ্ট্র। অবৈধ সরকার আজ দেশবিরোধী ঘৃণ্য চক্রান্তের ক্রীড়নক। সীমান্তরক্ষিবাহিনী বিজিবি পর্যন্ত নিরাপত্তাহীনতায়। বাংলাদেশের সঙ্গে ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণ এখন আর 'বন্ধুপ্রতিম' নয় 'বন্দুক প্রতিম'।’

রিজভী বলেন, ‘ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত 'ডামি সরকার' এখন 'ডামি সংসদে'র জন্য 'ডামি বিরোধীদল' খুজছে। একজন মাত্র ব্যক্তির ক্ষমতালিপ্সার কারণে দেশের পুরো নির্বাচনী ব্যবস্থাটিকে সম্পূর্ণরুপে আস্থাহীন, অকার্যকার ও হাস্যকর করে ফেলা হয়েছে। জনগণের ভোট ছাড়াই যেহেতু ক্ষমতা আঁকড়ে থাকা যায়, ফলে জনগণের কাছে এই ফ্যাসিস্ট সরকারের কোনো জবাবদিহীতা নেই।’

তিনি বলেন, ‘ডামি সরকার অবৈধ ক্ষমতার উষ্ণতা অনুভব করলেও দেশের অধিকাংশ মানুষ এখন অসহায়। মানুষ যেখানে নিত্যপ্রয়োজনীয় খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন সেখানে শীতার্ত মানুষ কিভাবে গরম কাপড় জোগাড় করবে ? এই মানুষগুলোর ব্যাপারে দুর্নীতিবাজ সরকার উদাসীন। অন্যায়ের বিরুদ্ধে মানুষ মুখ খুললেই তাদের পেছনে আইনশৃঙ্খলাবাহিনীর একটি চিহ্নিত সিক্রেট স্টেট পুলিশ তথা গেষ্টাপো চক্রকে লেলিয়ে দেয়া হচ্ছে। হামলা মামলায় জর্জরিত গণতন্ত্রকামী মানুষ।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন