Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগে গৃহদাহ: তোপের মুখে ব্যারিস্টার সুমন

Icon

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৭:৫৯ এএম

আওয়ামী লীগে গৃহদাহ: তোপের মুখে ব্যারিস্টার সুমন

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যতই দলীয় নেতা-কর্মীদের বোঝানোর চেষ্টা করেন, হুমকি-ধামকি দেন, ৭ জানুয়ারির সাজানো নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগে যে বিভক্তি তা কাটছেই না, বরং দিন দিন জোরালো ও প্রকাশ্য হচ্ছে। যার সবশেষ প্রতিফলন ঘটলো আলোচিত ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বেলায়।  নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের তোপের মুখে পড়েন তিনি।

২১ জানুয়ারি  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় ও বর্ধিত সভায় নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) আমন্ত্রণ জানানো এবং তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে, সভাস্থলে হৈচৈ হয়।

জানা গেছে, রোববার বিকেলে চুনারুঘাট উপজেলা মিলনায়তনে আওয়ামী লীগের বর্ধিত সভায় হাজির হন ব্যারিস্টার সুমন।  তাকে সভায় প্রধান অতিথি করা হয়েছিল।  সভার একপর্যায়ে সংসদ সদস্যের বক্তব্য দেওয়ার আগমুহূর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা  সভাপতির উদ্দেশে বলেন, ‘আজকের বর্ধিত সভায় সংসদ সদস্যের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মীদের যে মতবিনিময় সভার আহ্বান করা হয়েছে, সেটি দলীয় কোনো সভার সিদ্ধান্ত ছিল কি না? ব্যারিস্টার সুমনকে দল (আওয়ামী লীগ) গ্রহণ করেছে কি না? না হয়ে থাকলে তাঁর সঙ্গে মতবিনিময় কেন?’ ওই প্রশ্নের পরপরই নেতা–কর্মীরা হট্টগোল শুরু করেন।

জ্যেষ্ঠ নেতারা নবনির্বাচিত সংসদ সদস্যের উপস্থিতিরি ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ব্যারিস্টার সুমন নিজেই মাইক নিয়ে কথা বলতে শুরু করেন।  সবাইকে তার অভিভাবক উল্লেখ করে ব্যারিস্টার সুমন বলেন, স্বতন্ত্র সংসদ সদস্য হলেও আওয়ামী লীগের একজন কর্মী। নেত্রীর কথা অনুযায়ী তিনি প্রার্থী হয়েছেন।  তবে বিক্ষুব্ধ নেতা-কর্মীরাও তাতে শান্ত হননি। পরে জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ব্যারিস্টার সায়েদুল হক সুমন, সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হারিয়ে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।  নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। মাহবুব আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট। এবার শেখ হাসিনা উদ্ভাবিত ফর্মূলায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।  এমন নির্বাচন করে জয়ী হয়েছেন আরও প্রায় ৬০জন। যারা স্বতন্ত্র হলেও সবারই রাজনৈতিক পরিচয় তারা আওয়ামী লীগ বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা।

ব্যারিস্টার সুমন সামাজিক নানা কর্মকাণ্ড করে আলোচিত ছিলেন।  নিজ এলাকায় আঞ্চলিক ভাষায় কথা বলে, সভা-সমাবেশ করে তিনি চাঞ্চল্য সৃষ্টি করেন। নিজ উদ্যোগে বেশ কিছু রাস্তাঘাট ও সেতু নির্মাণ করেছেন ব্যারিস্টার সুমন। তিনি একটি ফুটবল দলও পরিচালনা করেন। এমপি নির্বাচিত হওয়ার পর সম্প্রতি তিনি স্বেচ্ছাসেবকদের নিয়ে খোয়াই নদী পরিষ্কার করেন। নিজেই পানিতে নেমে কচুরিপানা সাফ করেন, নদী পরিষ্কার করার পর সে পানিতে সাতার কাটেন তিনি।

রাজনীতিতে ব্যারিস্টার সায়েদুল হক সুমন চমক সৃষ্টি করেছেন। তবে তার এ চমক মানুষকে চমকিত করলেও আওয়ামী লীগের নেতাদের মধ্যে যে তা কোন প্রভাই ফেলেনি তা বোঝা যায় এমপি হওয়ার পরও আওয়ামী লীগের সভায় সরাসরি ও প্রকাশ্য বিরোধিতার মুখে পড়ে।

 

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন