ঢাকা, ২১ জানুয়ারি (ইউএনবি)-নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে ২৬ ও ২৭ জানুয়ারি দুই দিনের কালো পতাকা শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ২৬ জানুয়ারি সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি সব মেট্রোপলিটন শহরে এ কর্মসূচি পালন করা হবে।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই রাস্তায় বিএনপির প্রথম কর্মসূচি।
তিনি বলেন, 'দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে আমরা কালো পতাকা নিয়ে মিছিল বের করব। পাশাপাশি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলের দাবিতেও এই কর্মসূচি পালন করা হবে।’
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, ‘আসন ভাগাভাগি করে সাজানো নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত আওয়ামী -ডামি সরকার বিএনপিকে দমন করে বাংলাদেশকে পরাজিত করেছে। এখন জনগণের দেখভাল করার কেউ নেই।’
দেশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের অসততার কারণে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছে।
সংসার চালাতে হিমশিম খেতে খেতে চরম কষ্টে দিন পার করছে মানুষ। ঋণ নিয়েও সংসার চালাতে পারছেন না তারা। কাঁচা মরিচ থেকে সোনা, সবকিছুর বাজার মূল্য আকাশছোঁয়া।
রিজভী বলেন, গ্যাস সংকট চরম আকার ধারণ করায় জনগণ কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে এবং একের পর এক কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে মালিকরা। ‘চট্টগ্রামের অবস্থা আরও খারাপ।’
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদীন ফারুক, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহিন, মীর নেওয়াজ আলী, তরিকুল ইসলাম তেনজিন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
