মালদ্বীপের প্রেসিডেন্টের মতো ভারত খেদাও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন। এ সময় নুর ‘ডামি’ সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান।
গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, 'শত নির্যাতন ও দমনের পরেও আমরা মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জির মতন ভারত হটাও আন্দোলন চালিয়ে যাব, মালদ্বীপের মতো ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র যদি ভারত খেদাও আন্দোলন শুরু করতে পারে, ১৮ কোটির জনগনকে আজকে ভারতীয় তাবেদারদেরকে হটানোর জন্য এদেশে ভারত খেদাও আন্দোলন শুরু করতে হবে। নির্বাচনের আগে আপনারা এমপি মন্ত্রীদের বক্তব্য শুনেছেন ওরা লেন্দুপ দর্জির মতন, নির্লজ্জের মতন বলেছিল ভারতবর্ষের সরকার ওদের টিকিয়ে রাখবে, ভারত ওদেরকে সহযোগিতা করেছে এবং করবে। আপনারা দেখেছেন এই নির্বাচনে ভারত কিভাবে হস্তক্ষেপ করেছে, দেশের ৯৫ শতাংশ মানুষ ভোট বর্জন করেছে কিন্ত ভারতীয় তাবেদার সরকার ডামি নির্বাচন করে বাকশাল কায়েম করে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। কাজেই আজকে বাম-ডান দল-মত নির্বিশেষে ১৯৭১ সালের মতন ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।
তিনি বলেন, আমরা জানি না আমাদের এই লড়াইয়ের পরিণতি কি হয়, অস্তিত্ব রক্ষার জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে। এসময়ে তিনি বাংলা আউটলুকে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের সাক্ষাৎকারের তথ্য ধরে বলেন, 'কিছুদিন আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব, শেখ হাসিনা সরকারের সাবেক পররাষ্ট্র সচিব ছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশের বিভিন্ন নিয়োগ ও প্রার্থিতায় ভারত হস্তক্ষেপ করে থাকে। এতদিন আমরা শুনেছি, অনেকে বলে থাকে বাংলাদেশের পুলিশ প্রধান, বিডিআর প্রধান, সেনাবাহিনী প্রধান, কে হবে সেটা নিয়ে ভারতের সুপারিশ থাকে, ভারত যদি কারো বিরুদ্ধে আপত্তি দেয় বা নোট অব ডিসেন্ট দেয় সে নিয়োগ পায় না।"
নুরুল হক আরো বলেন, 'আজকের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য পরিষ্কারভাবে বলতে হবে যে আমার সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে ভারত, আমার পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করছে ভারত, আমার দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে ভারত আমার দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে ভারত, আমার দেশের বাণিজ্য নিয়ন্ত্রণ করছে ভারত আমাদেরকে দল দাস বানিয়ে। শেখ হাসিনাকে লেন্দুপ দর্জি বানিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছে ভারত। তাই আজকে বাংলাদেশের গণতন্ত্রিকামী জনগণ যারা ভারত বর্জনের ডাক দিয়েছে আমরা তাদের প্রতি সংহতি রেখে, আমরাও জনগণের প্রতি পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি। ভারত খেদাও আন্দোলন শুরু করার আহ্বান জানাচ্ছি। "
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে নুর বলেন, ‘নিজেদের অমরত্বের জন্য দেশকে ধবংস করবেন না। নির্বাচন দিয়ে বিদায় নেন, নইলে আপনার ভবিষ্যৎ অন্ধকার।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘বাংলাদেশ দুর্ভিক্ষের জাঁতাকলে পিষ্ট হচ্ছে। দেশের মানুষের ঘরে ঘরে নাভিশ্বাস উঠে গেছে। এ সরকার উন্নয়ন নয়, দুর্নীতির রোল মডেল। আওয়ামী লীগের গুণ্ডাপাণ্ডাদের উন্নয়ন হয়েছে। গণতন্ত্র আর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি। কৃষক দাম পায় না, মধ্যসত্ত্বভোগীরা পকেট পুরছে। আজকে কৃষকের ঘরে ঘরে দুর্ভিক্ষ।’
তিনি বলেন, ‘৭ তারিখের ডামি নির্বাচনে সাধারণ মানুষ কোনো ভোট দিতে যায়নি। সরকার দেশকে ভারতের হাতে তুলে দিচ্ছে। ভারত আওয়ামী লীগ সরকারকে একতরফাভাবে সমর্থন করার কারণে এ দেশের মানুষ ভারতের পণ্য বয়কটের ডাক দিয়েছে। ভারত বাংলাদেশকে সিকিম বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সভাপতি নাজিম উদ্দিন।
উল্লেখ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পন্য বর্জনের ডাক দেন প্যারিস প্রবাসী লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এরপর বাংলাদেশ ও ভারতে সামাজিক যোগযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু করে। এর মধ্যে নুরুল হক নুরু ভারত খেদাও আন্দোলনের ডাক দিলেন।
