টিআইবিকে গালি দিয়ে দেশে-বিদেশে সরকারের বৈধতা তৈরি হবে না : গণতন্ত্র মঞ্চ
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০২:৩৯ এএম
সংসদ ভেঙে দিয়ে সকল দলের সাথে আলোচনা করে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে গনতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ‘ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কে গালি দিয়ে দেশে-বিদেশে সরকারের বৈধতা তৈরি হবে না।’ শুক্রবার বিকেলে পুরানা পল্টনে মেহেরবা প্লাজার সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তারা এসব কথা বলেন।
৭ জানুয়ারির প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে অন্তর্র্বতীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবার মিছিল শেষে সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সকল দলের সঙ্গে আলোচনা করে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, ‘যে সংবিধান মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, মানুষের নূন্যতম বাঁচার স্বাধীনতা নষ্ট করে সেই সংবিধান এই দেশের সংবিধান না এই সংবিধান শেখ হাসিনাকে ক্ষমতায় রাখারই সংবিধান। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গিয়ে যাহা ইচ্ছে তাই করা হচ্ছে সংবিধানের নামে। সেজন্য এমনকি আওয়ামী লীগ সরকার ভুলেই গেছেন যে একটা সংসদ শপথ নিলে আরেকটা সংসদ বহাল থাকে না।’
নেতৃবৃন্দ আরো বলেন, ‘মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জনগণের সাথে তামাশা করে বলে বেড়াচ্ছেন যে আগামী ৭ দিনের মধ্যে সিন্ডিকেট ভেঙ্গে দিবেন। এবং মন্ত্রীরা সেটা না পারলে নাকি তাদেরকে ডিম ও জুতো ছুঁড়ে মারা যাবে। আর ভোট না দেয়ার শাস্তি হিসেবে ও ডামি নির্বাচনে অংশ না নেয়ায় কারণে সরকার নিত্যদ্রব্যমূল্যের দাম নাকি ইচ্ছে করেই বাড়িয়ে দিয়েছেন। জনগণ এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে।’
সমাবেশে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সহ-সভাপতি মো. সিরাজ মিয়া এবং ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস। সভা পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।
